২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অভিনেতা হতে অন্তর থেকে নাটককে ভালোবাসতে হবে: নূর

ভালো অভিনেতা হতে হলে অন্তর থেকে নাটককে ভালোবেসে নিবিড়ভাবে তা চর্চার জন্য নবীনদের পরামর্শ দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 01:13 AM

Updated : 19 Aug 2022, 01:27 PM

এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা বলেন, “ভালো অভিনয়ের জন্য চর্চা চালিয়ে নেওয়া জরুরি। এজন্য কঠোর শ্রম, সাধনা ও প্রচেষ্টা থাকতে হবে। তাছাড়া অন্তর থেকে নাটককে ভালোবাসতে হবে, নাটকের ভেতরে সারাক্ষণ বসবাস থাকতে হবে। তবেই একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।”

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উপলক্ষে ‘আলোকশিখা জ্বলুক প্রাণে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুক্রবার সন্ধ্যার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল্লাহ-আল মামুন থিয়েটার স্কুলের অধ্যক্ষ নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

আলোচনায় নিজের মঞ্চ ও টিভি নাটকে আসার ঘটনাক্রম তুলে ধরেন আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “আমাদের অভিভাবক ও শিক্ষকদের সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহ কিছুটা কম রয়েছে, এদিকে লক্ষ রাখতে হবে। পাশাপাশি সংস্কৃতি চর্চায় শিশুদের উৎসাহ দেওয়া কিন্তু আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের ২৭ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক সৈয়দ আপন আহসান। থিয়েটার স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখতারুজ্জামান ও লাভলী।

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে প্রথম নাট্যশিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় এই থিয়েটার স্কুল। ১৯৯০ সালের ২৪ অগাস্ট প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে অধ্যক্ষ ও আবদুল্লাহ আল-মামুনকে উপাধ্যক্ষ করে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান।

২০০৮ সালে আবদুল্লাহ আল-মামুনের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির নতুন নাম হয় আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল। ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল সেমিনার, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে হয় ‘চিরায়ত নাট্যরীতি ও সমকালীন প্রযোজনা নিরীক্ষা’ শীর্ষক সেমিনার। পরে বিকালে হয় আনন্দ শোভাযাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বীকৃতি-স্মারক দেওয়া হয় স্কুলের তত্ত্বাবধায়ক খুরশীদ আলমকে।

জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন থিয়েটার স্কুলের সাবেক শিক্ষার্থীরা, পরের পরিবেশনা ছিল নাটকের গান।

পূজা সেনগুপ্ত ও তার দলের সম্মেলক নৃত্য পরিবেশনার পর থিয়েটার স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন নাটকের অংশ বিশেষ মঞ্চায়ন করেন।