২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্য-চলচ্চিত্র নিয়ে আলোচনায় দুই বাংলার বোদ্ধারা

বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে দিনভর বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করলেন এপার-ওপার বাংলার সাহিত্যিক, সমালোচক ও চলচ্চিত্র নির্মাতারা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 12:57 AM

Updated : 11 Oct 2022, 12:00 PM

সম্মেলনের দ্বিতীয় দিন রোববার দুপুরে ‘সাহিত্য ও চলচ্চিত্র’ শিরোনামের এক অধিবেশনে বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রের মধ্যে তুলনামূলক আলোচনায় নানা প্রেক্ষাপট তুলে ধরে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে বিরোধ নেই।

তিনি বলেন, “ইন্টেলেকচুয়াল পারসেপশন বা মগজের বিবেচনায় পাঠক বা দর্শক সাহিত্যকে একভাবে নেবে, চলচ্চিত্রকে ভিন্নভাবে। সাহিত্যের বর্ণ, শব্দ, বাক্যকে পাঠক যেভাবে নেবে, চলচ্চিত্রে এসে পাঠক তা নেয় ঠিক উল্টোভাবে। তবে সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে বিরোধ নেই।”

চলচ্চিত্রকে সাহিত্যের ‘নবীনতম শিল্প’ হিসেবে উল্লেখ করে এই ভারতীয় নির্মাতা বলেন, “সাহিত্য সিনেমাতে অনূদিত হয় না, রূপান্তরিত হয়। সাহিত্যিকের অভিজ্ঞতার সঙ্গে পরিচালকের অভিজ্ঞতা মিলে গেলে তা হয় মণিকাঞ্চনযোগ।”

গৌতম ঘোষ বলেন, “অসংখ্য মানুষের শৈল্পিক সহযোগিতার অবদান হল চলচ্চিত্র। চলচ্চিত্র প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি বদলে গেলে বদলে যায় চলচ্চিত্রের ভাষা ও প্রকৃতি। হয়ত এমন এক দিন আসবে যেদিন সাহিত্যের ধারে কাছে আসবে না সিনেমা। এক সময় সাহিত্যের সংযোগ ছাড়াই নির্মিত হবে চলচ্চিত্র।”

সাহিত্যকে একক শিল্পকর্ম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “চলচ্চিত্রের সময় ও গতি নিয়ে খেলা করা যায়, কিন্তু সাহিত্যে যায় না। চলচ্চিত্র লিনিয়ার টাইম, সাইক্লিক টাইমকে এক করে দেয়।”

এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদুল আওয়াল। আলোচনায় অংশ নেন মানজারে হাসীন মুরাদ, মোনালিসা দাস, বিথী চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, শামীম আখতার ও জাহিদুর রহিম অঞ্জন।

মানজারে হাসীন মুরাদ বলেন, “আখ্যান বা গল্প বলার চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাদের জন্য সাহিত্য হচ্ছে আকর। তবে প্রামাণ্যচিত্রের ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই অপ্রাসঙ্গিক।”

সাহিত্যনির্ভর চলচ্চিত্রের মুখাপেক্ষিতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিযে তিনি বলেন, “গল্প বলার চলচ্চিত্র আমরা আর কতদিন দেখব? তাই স্বতন্ত্র শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে।”

আসামের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনালিসা দাস বলেন, “সাহিত্য ও চলচ্চিত্র ওতপ্রোতভাবে জড়িত। দুটোর ভাষাই অভিব্যক্তির। সাহিত্যকে বাদ দিয়ে চলচ্চিত্রের কথা কিন্তু আমরা কল্পনা করতে পারি না।”

‘সাহিত্যে দেশভাগের অভিঘাত ঐতিহাসিক’

দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগের পর সুখ-দুঃখের অভিজ্ঞতা থেকে রচিত কথাসাহিত্যে ‘অভিঘাত বড় ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন ভারত ও বাংলাদেশের কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কবিরা।

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন ‘বাংলা সাহিত্যে দেশভাগের অভিঘাত’ শিরোনামের সেশনে যোগ দিয়ে দুই দেশের সাহিত্যিকরা বলেছেন, দেশভাগের অভিঘাতে বাঙালি লেখকরা ব্যক্তিস্বাতন্ত্র্যে উজ্জীবিত হয়ে বাংলা সাহিত্যে নতুন ধারা যোগ করেন।  

রোববার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলা সাহিত্যে দেশভাগের অভিঘাত’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন ভারতের বাংলা সাহিত্যের অধ্যাপক-প্রাবন্ধিক রামদুলাল বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান, ত্রিপুরার কবি দেবব্রত দেব রায়, বাংলাদেশের কথাসাহিত্যিক শাহীন আখতার ও ভারতের কবি-লেখক বিথী চট্টোপাধ্যায়।

Image
আলোচনায় অধ্যাপক রফিক উল্লাহ খান

আলোচনায় অধ্যাপক রফিক উল্লাহ খান

রামদুলাল বসু বলেন, “দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর তত্ত্বটি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে। তবে এই তত্ত্বের দর্শনের দিকটি আমাদের ভাবতে হবে এখন। দেশভাগের অভিঘাতে রচিত সাহিত্যে বাঙালির সামাজিক চিত্র কতটা প্রতিফলিত হয়েছে, চলমান জীবনের ছবি কতটা প্রতিফলিত হয়েছে, তা এখন বিবেচ্য বিষয়।”

তিনি বলেন, “দেশভাগের প্রেক্ষিতে রচিত কথাসাহিত্যের পটপরিবর্তন একটি ঐতিহাসিক ফলশ্রুতি। সাতচল্লিশের পরের প্রজন্মের ছেলে-মেয়েরা বঙ্গদেশ বলে যে আলাদা একটি ভূখণ্ড পেল তা এখনও অখণ্ড রয়েছে। দেশভাগের অভিঘাতে রচিত কথাসাহিত্যে বিষয়টি বারবার চিত্রিত হয়েছে।”

বিথী চট্টোপাধ্যায় বলেন, “দেশভাগ যেমন সমাজকে বদলে দিয়েছিল, তেমনিভাবে বাংলা সাহিত্যেও বিশাল পরিবর্তন নিয়ে এসেছিল। লেখালেখির প্রকৃতি পরিবর্তিত হয়েছে সেই প্রেক্ষাপটে। ব্যক্তিস্বাতন্ত্র্যের বিষয়টি ঠিক রেখে বাঙালি লেখককে আত্মকেন্দ্রিক করে দিয়েছে। সেই লেখকদের স্বাধীনতা দর্শন ও মনোভঙ্গির পরিবর্তনে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হয়েছে।”

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন তার ‘গায়ত্রী সন্ধ্যা’ ও ‘ভূমি ও কুসুম’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, “দেশভাগের অভিঘাতে রচিত গল্প, কবিতা ও উপন্যাসে মানব জীবনের বিপর্যয়, হাসি-কান্না-আনন্দ-বেদনার চিত্রটি বারবার উঠে এসেছে।”

রোববারের আয়োজনে ছিল তিনটি সেমিনার, নানা বিষয়ে তরুণদের অংশগ্রহণে কথোপকথন এবং গল্প পাঠের আয়োজন। এর পাশাপাশি মঞ্চনাটক ও লোকগানের আসরেও জমে উঠেছিল পুরো সাহিত্য সম্মেলন।

শামসুর রাহমান সেমিনার কক্ষে ছিল ‘বাংলা সংবাদ ও সাময়িকপত্রের দুইশ বছর’ শিরোনামে দিনের তৃতীয় ও শেষ সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীস সুর। অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে আলোচনা করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক আবদুল্লাহ আল মামুন, ভারতের কিংশুক বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চৌধুরী। বিকালে এই মঞ্চে ছিল গল্পপাঠ ও কথাসাহিত্য আলোচনা।

‘কবিতার ভাষা ও কবির অনন্যতা’, ‘প্রমিত ভাষার সীমা’, ‘দায়বদ্ধতার সাহিত্য এবং সাহিত্যের দায়বদ্ধতা’, ‘বাংলা নাটকের আঙ্গিক সাধনা’ শিরোনামের নানা পর্বে বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে আলোকপাত করেন কথাসাহিত্যিকরা।