২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে দুদকের নিষ্ফল অভিযান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ‘প্রকাশ্য দিবালোকে ঘুষ গ্রহণের’ অভিযোগ পেয়ে অভিযান চালিয়েও কাউকে ধরতে পারেনি দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 11:49 AM

Updated : 19 Aug 2022, 01:23 PM

দুদকের হটলাইন-১০৬ তে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে কমিশনের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি দল কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে যায়।

কমিশনের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যের সঙ্গে অভিযোগগুলো নিয়ে আলোচনা করেন কাজী শফিকুল আলম। তবে অভিযোগ সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

দুদক কর্মকর্তা শফিকুল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানকে তার অফিসের প্রতিটি তলায় সিসি ক্যামেরা চালু রাখতে অনুরোধ করেন। সেই ক্যামেরার ভিডিও ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করার কথাও বলেন।

জিএসপি সুবিধায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি যাতে না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যাবস্থা তিকে ইপিবির ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করেন শফিকুল।

এছাড়া তিনি অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নিতে অনুরোধ করেন বলে জানান প্রনব।

দুদকের ওই দলে কমিশনের সহকারী পরিচালক তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা ছিলেন।

এরআগে হটলাইন-১০৬ তে এক ব্যক্তি ফোন করে অভিযোগ করেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে ঘুষ লেনদেন হচ্ছে। প্রতিদিনই সেখানে ঘুষ লেনদেন হয়। তিনি বেশ কয়েকজন কর্মকর্তার নাম ও পদবি জানান দুদক কর্মকর্তাদের।

ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করে ব্যবসা-বাণিজ্য চালানো সেবাগ্রহীতাদের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন অভিযোগকারী ওই ব্যক্তি।