২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমানুষের আশা-আকাঙ্ক্ষা শিল্পে ফুটিয়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শিল্পচর্চায় গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলতে শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 11:04 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

তিনি বলেছেন, “শিল্পীর তুলিতে বা শিল্পকর্মে যে চিত্র ফুটে ওঠে তা সমকালীন সমাজের চিত্র। তাতে মানুষের আনন্দ-বেদনার পাশাপাশি সমাজের অব্যক্ত চিত্র বিমূর্ত হয়ে ওঠে। তাই শিল্পী সমাজের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা স্বাধীনভাবেই শিল্পচর্চা করবেন। গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।”

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ইয়ূথ বাংলা কারচারাল ফোরাম আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

অনুষ্ঠানে শিল্পীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, “আমাদের চারপাশে যা কিছু আছে শিল্পের দৃষ্টিতে যেসব ফুটিয়ে তুলবেন। সেই সাথে মনে রাখবেন আমাদের মহান আত্মত্যাগের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস। আর সেই স্বাধীনতার প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে। আপনাদের সকলের অন্তরে ও চর্চায় বঙ্গবন্ধু আরও বেশি মূর্ত হয়ে উঠুক- এ প্রত্যাশা করি।

আবদুল হামিদ বলেন, “একটি অসাম্প্রদায়িক জাতি গঠনে মুক্তবুদ্ধি ও শিল্প চর্চার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি ছিলেন একান্তভাবে শিল্প ও শিল্পীর পৃষ্ঠপোষক। স্বাধীনতার পরপরই তিনি দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ঐকান্তিক আগ্রহে ও দিক নির্দেশনায় ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে।”

বাংলাদেশে পথ চলায় শিল্পীদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “আমাদের হাজার বছরের ঐতিহ্যের পথ ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্মের সামনে তুলে ধরতে এ দেশের শিল্পীসমাজ বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ দেশের শিল্পী সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

“জাতির যে কোন প্রয়োজনে বা সঙ্কটময় মুহুর্তে সংস্কৃতিকর্মীরা সবসময় সাহসী ভূমিকা পালন করেছে। জাতি তাদের কাছে ঋণী। দেশে-দেশে, মানুষে-মানুষে মৈত্রীর বন্ধন ও সম্পর্কের উন্নয়নে শিল্পকলার অবদান ব্যাপক। শিল্পকলা একটি দেশ ও জাতিকে বিশ্ব মানচিত্রে দিতে পারে অসামান্য গৌরব ও মর্যাদার আসন। একজন সফল সংস্কৃতি কর্মী মানুষের মনের মনিকোঠায় চিরস্থায়ী স্থান করে নিতে পারেন তার কর্মের মাধ্যমেই। তাই শিল্প ও শিল্পীর আবেদন চিরন্তন।”

ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকরের সভাপতিত্বে অনু্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী হাশেম খান, ইয়ূথ বাংলার উপদেষ্টা মোহাম্মাদ এ আরাফাত, উপদেষ্টা শাহ আজিজুল হক।

পরে রাষ্ট্রপতি জাতীয় নাট্যশালায় ‘পুরুষোত্তম’ শিরোনামে শিল্পী শেখ আসমানের একক শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।