২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসি: আগাম প্রচারের পোস্টার-ব্যানার সরাতে নামছে ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের আগে নিয়ম ভেঙে লাগানো পোস্টার-ব্যানারে এলাকা সয়লাব হয়ে গেলেও তা ঠেকাতে ইসির কোনো তৎপরতা দেখা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

তফসিল ঘোষণার পর এখন রিটার্নিং কর্মকর্তা বলেছেন, আচরণবিধি প্রতিপালন হচ্ছে কি না, তা তদারকিতে বৃহস্পতিবার নামানো হচ্ছে নির্বাহী হাকিমদের।

আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণ মিলিয়ে কয়েকটি ওয়ার্ডে নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করে ইসি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচার চালানো যায় না। সে অনুযায়ী, জানুয়ারির শেষ নাগাদ প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।

কিন্তু তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার দেখা যেতে থাকে নির্বাচনী এলাকায়।

বিষয়টি নজরে আনার পর ৬ জানুয়ারির মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছিল ইসি। কিন্তু সময়সীমা পার হলেও ইসির কোনো পদক্ষেপ দেখা যায়নি।   

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সাংবাদিকদের বলেন, “সম্ভাব্য প্রার্থীদের অনেকেই এখনও প্রচার সামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে ফেলেননি ও অনেকে গণসংযোগ চালাচ্ছেন। তারা হয়ত অজ্ঞাতবশত তা করছে। আমি বলব, আপনারা এ কাজ থেকে বিরত থাকুন।

 “মাত্র তফসিল ঘোষণা হল। অনেক জায়গায় আগাম প্রচার সামগ্রী সরিয়ে নিয়েছে; কোথাও কোথাও  রয়ে গেছে। এ বিষয়গুলো কমিশনের নজরে আনা হবে। নির্বাহী হাকিম মাঠে নামলেই তারা আইন-বিধি মেনে ব্যবস্থা নেবে।”

ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ডে ১৮ জন নির্বাহী হাকিম তদারকিতে নামবেন বলে জানান ইসি কর্মকর্তারা।

বিধি লঙ্ঘনে সম্ভাব্য প্রার্থীদের ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে ইসি।

প্রচারণা শুরুর আগে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। নির্বাচনী আইন লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য এই মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে প্রার্থী করার করার ইঙ্গিত মিলেছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; প্রার্থী মনোনয়নের ভার দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গতবার বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল।

এছাড়া অনেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথাও গণমাধ্যমকে জানিয়েছে।

মনোনয়নপত্র বিতরণে প্রস্তুতি

তফসিল ঘোষণার পরদিন বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণের প্রস্তুতি ছিল আগারগাঁওয়ের ইটিআই ভবনে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, মেয়র পদে অনেকেই প্রথমদিন খোঁজ নিয়ে গেছেন; রোববার থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

তফসিল অনুযায়ী, এই নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।

পুরনো খবর:

ঢাকায় ভোটের আগাম পোস্টার-ব্যানার সরাতে ৭ দিন সময়