২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 09:49 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।

মিরপুর-১ নম্বর সেকশনের গুদারাঘাট, দক্ষিণ বিশিল এবং ভবঘুরে আশ্রয় কেন্দ্রের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয় জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।

তিনি বলেন, সিটি করপোরেশনের সড়ক এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

“রাস্তা এবং ফুটপাত প্রশস্তকরণে আমাদের যে কার্যক্রম চলছে এর আওতায় এসব অভিযান চালানো হচ্ছে। সড়ক ও ফুটপাত জুড়ে করা ছোটবড় দোকান, ফুটপাতের ওপর করা সিঁড়ি, ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করেছি।”