ওয়েজ আর্নার্স বোর্ড বিল সংসদে
বিদেশে বাংলাদেশি কর্মীদের মানসম্পন্ন সেবা দেওয়া, তাদের আস্থা অর্জন, মৃত কর্মীদের লাশ আনা, ব্যয় নির্বাহ এবং এ সংক্রান্ত কাজে জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করার প্রস্তাব সংসদে তোলা হয়েছে।
মঙ্গলবার ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে নারী অভিবাসীদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।
ফাইল ছবি
খসড়ায় বলা হয়েছে, বোর্ডে ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে পর্ষদের সভাপতি।
খসড়া আইনে নারী অভিবাসীদের জন্য একটি বিশেষ বিধান রাখা হয়েছে। বিদেশে কর্মরত কোনো নারী অভিবাসী কর্মী নির্যাতনের শিকার, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোনো কারণে বিপদগ্রস্ত হলে তাকে উদ্ধার ও দেশে আনা, আইনগত ও চিকিৎসা সহায়তা দেওয়া, ক্ষতিপূরণ আদায়ের জন্য দেশে-বিদেশে হেল্প ডেস্ক ও সেফ হোম পরিচালনা করবে বোর্ড।
দেশে ফেরা নারী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বোর্ডের কাজ।
খসড়া আইন অনুযায়ী বোর্ড প্রবাসীদের মৃতদেহ দেশে আনা, দাফন-কাফন, প্রবাসীদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজও করবে।
নতুন এই আইন কার্যকর হলে পরিচালনা পর্ষদকে দুই মাসে একবার সভা করতে হবে। পর্ষদের ১৬ জনের মধ্যে নয়জন উপস্থিতিতে কোরাম হবে।
