জাপান সফরে বাংলাদেশের শিক্ষার্থীরা
সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, বিনয় এবং আতিথেয়তায় জাপানিদের সুনাম প্রায় সবখানে; এই সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, ব্যবসা এবং স্থানীয় আচার-ব্যবহারকে বহির্বিশ্বে আরো ছড়িয়ে দিতে তাদের রয়েছে নিখুঁত পরিকল্পনা।
এ পরিকল্পনার অন্যতম একটি দিক হচ্ছে জেনেসিস বা জাপান ইস্ট এশিয়া নেটওয়ার্ক অফ এক্সচেঞ্জ ফর স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ প্রোগ্রাম।
প্রতিবছর জাপান সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়।
আয়োজনের মূল লক্ষ্য জাপানের সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে ধারণা দেয়া এবং জাপান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা।
গত বছরের ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হয়ে যাওয়া এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে অংশ নেন ১৫ জন শিক্ষার্থী, যাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট সময়ে আবেদন ও সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করে।
এবার জাপান ঘুরে আসা ১৫ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইবিএ থেকে লামিয়া তাবাসসুম ও সৈয়দ সাদ্দাম হুসাইন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সাউসান সুহা আমিন ও একেএম তওসীফ তানজিম আহমেদ, জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে সৈয়দ আবদুল হালিম, ফিন্যান্স বিভাগ থেকে শরফুদ্দিন আহমেদ নাফিস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারহাত চৌধুরী ও সৈয়দা চন্দ্রা তাবাসসুম, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ফারাহ আলভি রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে হাসিব জামান।
এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের নটরডেম কলেজ থেকে সামিন ইয়াসার হক ও সামি মুহাম্মাদ, হলিক্রস কলেজ থেকে আনিকা তাবাসসুম হৃদিতা, সানিডেল স্কুল থেকে ফাসবির হক এবং মাস্টারমাইন্ড স্কুল থেকে ফুয়াদ মুহতাসিম ছিলেন দলে।
২৬ নভেম্বর মালেশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে ২০ ঘণ্টা সফর শেষে দলটি জাপানের নারিতা এয়ারপোর্টে পৌঁছায়। দীর্ঘ ক্লান্তির এই ভ্রমণ শেষে সেখানে তাদের স্বাগত জানায় জেনেসিস প্রোগ্রামের বাংলাদেশ দলের সমন্বয়কারী জুং মো সাতো এবং আরিকা। নারিতা এয়ারপোর্ট থেকে বাসে দুই ঘন্টা জার্নি করে রাতের ঝলমলে টোকিও দেখতে দেখতে দলটি পৌঁছে যায় হোটেলে।
দ্বিতীয় দিন সকালে দলটিকে নিয়ে যাওয়া হয় ‘টোকিও ফায়ার ডিপার্টমেন্ট লাইফ সেফটি লার্নিং সেন্টারে’। সেখানে ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামির জন্যে প্রাথমিক আত্মরক্ষার কৌশল শিক্ষার্থীদের হাতেনাতে শেখানো হয়। এরপরে দলটিকে ঘুরতে নিয়ে যাওয়া হয় ইম্পেরিয়াল প্যালেসে, যেখানকার ‘ডাবল ব্রিজ’ জাপানের একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন।
হোটেলে ফেরার পরে জেনেসিসে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে পাঁচটি ভাগে ওরিয়েন্টেশন দেওয়া হয়। গ্রুপ ‘এ’ তে ছিল বাংলাদেশ এবং মালদ্বীপের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।
তৃতীয় দিন সকালে দলটি পরিদর্শন করে টেপিয়া (অ্যাসোসিয়েশন ফর টেকনোলজিক্যাল এক্সিলেন্স প্রমোটিং ইনোভেটিভ অ্যাডভানসেস) যেখানে তাদেরকে টোকিও স্কাই সিটি তৈরির একটি ডকুমেন্টারি দেখানোর পাশাপাশি পুরো সেন্টারটি ঘুরে ঘুরে জাপানের অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন নিদর্শন দেখার সুযোগ করে দেওয়া হয়। এছাড়া সিনজুকু সিটি হোটেলে মেইজি ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস নাকামুরা আকিরার লেকচারে জাপানের সমাজব্যবস্থা, রাজনীতি, বৈদেশিক নীতিমালা, ইতিহাস, অর্থনীতি এবং সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য পায় এই শিক্ষার্থীরা।
চতুর্থ দিন সকালে শিক্ষার্থীরা বুলেট ট্রেনে করে টোকিও থেকেও প্রায় ৭০০ কিলোমিটার দূরের আওমারিতে যায়। একই দিনে গ্রুপ ‘ডি’ এর সাথে হাই-স্কুলের শিক্ষার্থীরা রওনা হয় হিরোসিমার দিকে। মেগাসিটি টোকিওর বাইরে এসে আওমারির গ্রাম্য শান্ত পরিবেশ ছিল অন্ত্যন্ত মনোমুগ্ধকর।
আওমারির নানবু শহরে পৌঁছে শিক্ষার্থীরা হোটেলে প্রবেশ করার পর তারা ঐ শহরের মেয়র সুকেনাও কুদো এর কাছ থেকে সৌজন্যমূলক ডাক পান। সেশনটিতে নানবু শহর সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের যে শহরটি আপেল উৎপাদনের জন্য বরাবরই বিখ্যাত।
পঞ্চম দিন সকালে গ্রুপ এ পরিদর্শন করে ইয়াহু জাপান করপোরেশন। সেখানে শিক্ষার্থীরা জানতে পারেন সমগ্র জাপানে সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু জাপানের একচ্ছত্র আধিপত্বের কথা। অফিসের ভেতর ঘুরে শিক্ষার্থীরা সেখানকার পরিবেশ এবং অফিসের আর্কিটেকচার দেখার সুযোগ পায়।
এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হয় হাচিনোহে গাকুইন ইউনিভার্সিটিতে, যেখানে তারা ধনুর্বিদ্যা, ক্যালিগ্রাফি, ওরেগামিতে অংশ নেয়। কাজের শেষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় ‘১০০ ইয়েন’ শপে। এসব দোকানে জাপানি মুদ্রা ইয়েনে নিত্যদিনের ব্যবহারের নানান জিনিস পেতে লাগে মাত্র ১০০ ইয়েন।
ষষ্ঠ দিনটি ছিল সাংস্কৃতিক কার্যক্রমের। এদিন শিক্ষার্থীরা জাপানের ঐতিহ্যবাহী ইয়াতা-উমা নামে কাঠের ঘোড়ার গায়ে বিভিন্ন নকশা করে এবং শুকনো ফুল, রঙ্গিন কাগজ ইত্যাদির সাহায্যে হস্তশিল্পের নানান জিনিস বানাতে শিখেন। এরপর দিন তাদেরকে আওমারির বিভিন্ন স্থানীয় পরিবারের সাথে কিছু সময় কাটানোর জন্যে বিভিন্ন গ্রুপে ভাগ করে পাঠানো হয়।
অষ্টম দিনটি ছিল বিভিন্ন দেশের নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন। এদিন বাংলাদেশ দল তাদের দেশীয় গান- ‘সব কটা জানালা খুলে দাওনা’, ‘আমি বাংলায় গান গাই’, ‘নাও ছাড়িয়া দে’, ‘চল বাংলাদেশ’ এবং জাপানের বিখ্যাত ‘সাকুরা’ গানটি পরিবেশন করে।
মালদ্বীপ দল পরিবেশন করে তাদের দেশীয় নৃত্য। বিভিন্ন দেশের জাতীয় পোশাকের রঙ্গে আর নাচে-গানে অডিটোরিয়াম সেদিন মুখরিত হয়ে ওঠেছিল।
নবম দিনে গ্রুপ এ টোকিওতে ফিরে আসে। রিপোর্টিং সেশনে প্রেজেন্টেশনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিকতা শেষ হয়। সেশনে উপস্থিত ছিলেন প্রত্যেক দেশের রাষ্ট্রদূত। প্রত্যেকটি গ্রুপ প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের জেনেসিস প্রোগ্রাম থেকে শিক্ষা এবং দেশে ফিরে তাদের পরবর্তী তিন মাসের পরিকল্পনা তুলে ধরে।
প্রেজেন্টেশন শেষে বাংলাদেশ দল বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সেখানে রাষ্ট্রদূত রাবাব পারভীন দলটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাপানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আনুষ্ঠানিক ডিগ্রি নেওয়ার ক্রমবর্ধমান সুযোগ এবং কর্মক্ষেত্রে সেটির গুরুত্ব ও কাজের সুযোগের ব্যাপারে আলোচনা করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানের বিভিন্ন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে উৎসাহিত করেন।
দীর্ঘ ১০ দিনের পরিকল্পনা শেষে বাংলাদেশ দল ৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন।
বর্তমানে বাংলাদেশ দলটি জাপানে তুলে ধরা তাদের ‘তিন মাসের’ পরিকল্পনাটি নিয়ে কাজ করছে।
