২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের অভিযোগ শুনে সিএজি অফিসে দুদক চেয়ারম্যান

হটলাইনে ঘুষ চাওয়ার অভিযোগ পেয়ে আকস্মিকভাবে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে হাজির হলেন ‍দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 10:39 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

সোমবার ঢাকার কাকরাইলে অডিট ভবনের ওই কার্যালয়ে যাওয়ার সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে কমিশনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক চেয়ারম্যান এসময় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদের সঙ্গে আলোচনা করেন।

দুদকের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হিসাব-নিরীক্ষণ অফিসের বিরুদ্ধে পেনশন বিল, ভ্রমণ বিল, বেতন বিল, প্রভিডেন্ড ফান্ড, ঠিকাদারের বিভিন্ন বিল প্রদানে ঘুষ চাওয়ার অভিযোগ আসে।

এসব অভিযোগের বিষয়ে করণীয় সম্পর্কে ইকবাল মাহমুদ ও মাসুদ আহমেদের মধ্যে আলোচনা হয় বলে জানান প্রনব।

কমিশন গত বছর ফাঁদ পেতে বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, “এ প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। তবে কমিশন সরকারি কর্মকর্তাদের ফাঁদ পেতে ধরে তাদেরেকে সমাজ-সংসারে বিব্রত করতে চায় না। তাই সম্মিলিতভাবেই দুর্নীতি প্রতিরোধে এমনভাবে কাজ করতে হবে, যাতে হিসাব ও নিরীক্ষা অফিস থেকে মানুষ দুর্নীতিমুক্ত সেবা পায়।”

পাবলিক অ্যাকাউন্টস কমিটির কোনো প্রতিবেদনে অর্থ আত্মসাতের বিষয় থাকলে তা দুদককে দিতে সিএজিকে অনুরোধ করেন ইকবাল মাহমুদ। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা ও প্রতিবেদন দিতে অনুরোধ জানান তিনি।

অন্যদিকে আলোচনায় সিএজি মাসুদ আহমেদ বলেন, গত বছর বিভিন্ন আর্থিক দুর্নীতির কারণে এজি অফিসের ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৩৫ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধে সিএজি অফিস দুদককে সার্বিক সহযোগিতা করবে। অডিটের পিছনে এক টাকা ব্যয় করলে রাষ্ট্রের কোষাগারে ৬৮ টাকা জমা হয়। তাই অডিট কার্যক্রম জোরদার করা হচ্ছে।”