গুলিস্তানের পাতাল মার্কেটে অগ্নিকাণ্ড
রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিকাল ৩টার পর রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ওই মার্কেটে আগুন লাগে। শুক্রবার মার্কেট বন্ধ থাকলেও সেখানে কিছু উন্নয়নমূলক কাজ চলছিল বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্টন থানার ওসি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর মার্কেটের ওপরের সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। আগুন নিভে যাওয়ার পর রাস্তার অবস্থাও স্বাভাবিক হতে শুরু করে।
এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
