২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসসিসির স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে চলমান শীতকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 02:51 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

শুক্রবার করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাসেবার জন্য চালু করা কল সেন্টারে শুক্রবার পর্যন্ত ৪৯ হাজার ৭৩২টি কল এসেছে। এর মধ্যে ১৫ হাজার ৩৭২ জনকে বাড়িতে গিয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শীতের তীব্রতা বাড়ায় নারী, শিশু ও বয়স্করা জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মত সমস্যায় আক্রান্ত হচ্ছেন বেশি। সেবা চেয়ে সবচেয়ে বেশি ফোন এসেছে দক্ষিণ ও উত্তর যাত্রাবাড়ী, মীর হাজীরবাগ, মুরাদপুর, জুরাইন, ধলপুর এবং কামরাঙ্গীরচর এলাকা থেকে। 

এছাড়া বিভিন্ন বস্তি এলাকাতেও শীতের কারণে বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

 প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় রোগীদের বিনামূল্যে এমোক্সিসিলিন ক্যাপসুল,অ্যান্টাসিড, হিস্টাসিন, প্যারাসিটামল, সলবিউটামল, মেট্রোনিডাজল ট্যাবলেট এবং খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।

প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রয়োজনে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৮ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম ‘মেয়র মোহাম্মদ হানিফ সেবাপক্ষ’ শুরু করে ডিএসসিসি। ১১ ডিসেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও প্রথম দফায় তা ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আর এবার তৃতীয় দফায় ২৬ জানুয়ারি পর্যন্ত তা চালানোর সিদ্ধান্ত জানাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।