২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের চুক্তিভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত (ক্যাজুয়াল) কর্মচারী-শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে আল্টিমেটাম দিয়েছে বিমান শ্রমিক লীগ (সিবিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 01:19 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল দায়িত্ব নেওয়ার দিন বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এই দাবিতে সমাবেশ হয়।

সেখানে বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান বলেন, ৩১ জানুয়ারি মধ্যে দাবি মেনে নিতে হবে। তা না হলে শ্রমিকরা কোনো ‘ওভার টাইম’ করবে না।

একইসঙ্গে নতুন করে ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ না দেওয়ার দাবি জানান তিন।

ক্যাজুয়াল শ্রমিক রবিউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দিন-রাত অমানবিক পরিশ্রম করলেও ছুটি মেলে না। কোনো দুর্ঘটনার শিকার হলে কেউ দায়িত্বও নেয় না।”

তিনি জানান, বিমানে প্রায় দুই হাজার ২০০ ক্যাজুয়াল শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে ৭০০ জন ১০ দিনের এবং বাকিরা ৮৯ দিনের চুক্তিতে অস্থায়ী নিয়োগ পান। মেয়াদ শেষ হলেই পরের দিন তাদের বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়। এরপর আবার ১০ বা ৮৯ দিনের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়।

বিমানের কার্গো সার্ভিস, গ্রাউন্ড সার্ভিস, ট্রাফিক, ইঞ্জিনিয়ারিং ও মটর ট্রান্সপোর্ট বিভাগে এই শ্রমিকদের বেশি কাজে লাগানো হয়।

সিবিএ সাধারণ সম্পাদক হারন অর রশীদ বলেন, “শ্রমিকদের দাবি যৌক্তিক। দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।”