২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাবির সেই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সেই সহকারী অধ্যাপকের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার কক্ষ থেকে এক নারী প্রভাষককে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 05:28 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

ওই প্রভাষক এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক। তার বিরুদ্ধেও তার বিভাগ মঙ্গলবার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

এরপর বৃহস্পতিবার মনোবিজ্ঞান বিভাগের একাডেমিক কমিটির সভায় ‘নৈতিক স্খলনের দায়ে’ ওই সহকারী অধ্যাপককে শিক্ষা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দিয়েছে।

পাশাপাশি এই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়ে মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন নাসরিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগের একাডেমিক সভায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। উপাচার্য বরাবরও চিঠি দেওয়া হয়েছে।”

এই বিষয়ে ওই সহকারী অধ্যাপকের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাডেমিক কমিটির সভার পর কলাভবনের তৃতীয় তলায় ওই সহকারী অধ্যাপকের কক্ষটি সিলগালা এবং দরজার উপর থেকে তার নামফলকটিও সরিয়ে ফেলা হয়।

Image
কলা ভবন

কলা ভবন

এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষককে তার বিভাগ এক বছরের জন্য অব্যাহতি দেয়।

ওই প্রভাষক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “যে অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তো এখনও প্রমাণিত নয়।”

সহকারী অধ্যাপকের স্ত্রীর অভিযোগ, তার স্বামীর সঙ্গে ওই প্রভাষকের ‘অবৈধ’ সম্পর্ক রয়েছে।

গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের তৃতীয় তলায় মনোবিজ্ঞান বিভাগের ওই সহকারী অধ্যাপকের কক্ষের তালা ভেঙে ওই নারী প্রভাষককে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান জানতে চাইলে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান ওই দিন কক্ষের তালা ভেঙে ওই শিক্ষিকাকে উদ্ধার করেছিলেন। উনি একটি প্রতিবেদন দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পুরনো খবর:

শাস্তিমূলক ব্যবস্থা নারী শিক্ষকের বিরুদ্ধে