ভেজাল ঘি বিক্রি: আগোরা চেয়ারম্যানের কারাদণ্ড
ভেজাল ঘি বিক্রির মামলায় সুপারশপ আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিমকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত।
এ আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মো. মাহবুব সোবহানী বৃহস্পতিবার একই অভিযোগের দুটি মামলায় এই রায় দেন।
দুই মামলার প্রত্যেকটিতে নিয়াজ রহিমকে এক বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।
আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিম ব্যবসায়ী গ্রুপ রহিমআফরোজ গ্রুপের একজন পরিচালক। এই গ্রুপের আরও কয়েকটি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি। তবে আগোরার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ এখন রয়েছে ইক্যুইটি ফান্ড ব্রামার অ্যান্ড পার্টনারস অ্যাসেটস ম্যানেজমেন্ট বাংলাদেশের হাতে।
রায়ের পর রহিমআফরোজ গ্রুপের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা দক্ষিণের নগর ভবনের দশ তলায় বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়াজ রহিমের উপস্থিতিতে এই রায় হয়। রায়ের পরপরই নিয়াজ রহিমকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাকিম মো. মাহবুব সোবহানী।
তিনি বলেন, “ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে মামলা দুটি হয়েছিল ২০০৮ সালে। দুটি মামলাই হয়েছে ঘিয়ে ভেজাল পাওয়ার অভিযোগে। বিচার শেষে আজ আমি রায় দিয়েছি।”
নিয়াজ রহিম, ছবি: আগোরার ওয়েবসাইট থেকে
ভেজাল ঘি বিক্রির অভিযোগে আগোরার চেয়ারম্যান নিয়াজ রহিমের বিরুদ্ধে ১৯৫৯ সালের নিরাপদ খাদ্য আইনে দুটি মামলা করেন ঢাকা সিটি করপোরেশনের স্যানিটারি ইনস্পেক্টর ফখরুদ্দীন মোবারক।
কুষ্টিয়ার ঘিয়ের উৎপাদক আবদুল কুদ্দুস এবং বাঘাবাড়ির ঘিয়ের উৎপাদক অনিল ঘোষকেও মামলায় আসামি করা হয়।
মামলার বাদী ফখরুদ্দীন মোবারক জানান, মামলা হওয়ার পর আবদুল কুদ্দুস দোষ স্বীকার করে নেওয়ায় ২০০৮ সালেই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নিয়াজ রহিম আপিল বিভাগ পর্যন্ত যান এবং বিফল হন। পরে বিশুদ্ধ খাদ্য আদালতে দুই মামলার বিচার শুরু হয়।
দুই মামলায় নিয়াজ রহিমকে এ আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হলেও অনিল ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।
