সম্পদের তথ্য গোপন: গাজী করপোরেশনের মালিক গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় গাজী ফেব্রিক্স ও গাজী করপোরেশনের মালিক গাজী মাহমুদ কামালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজাদপুরের বাসা থেকে মাহমুদ কামালকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাহমুদ কামালের বিরুদ্ধে সাত কোটি ৬৬ লাখ দুই হাজার ৮৮৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন ও ১৭ কোটি চার লাখ ৬০ হাজার ৬৬২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এই অভিযোগে বুধবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদি হয়ে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করেন।
এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রণব।
মামলার এজাহারে বলা হয়, দুদকের নোটিসের প্রেক্ষিতে ২০১৪ সালের ২ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন গাজী মাহমুদ কামাল। এতে তিনি ৩৩ কোটি ৮৯ লাখ আট হাজার ৩১৬ টাকার সম্পদ আছে বলে উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার মোট ৪১ কোটি ৫৫ লাখ ১১ হাজার ২০৫ টাকার সম্পদ পাওয়া যায়। বিবরণীতে তিনি সাত কোটি ৬৬ লাখ দুই হাজার ৮৮৯ টাকা সম্পদের তথ্য গোপন করেন।
এছাড়া এই ব্যবসায়ীর ১৭ কোটি চার লাখ ৬০ হাজার ৬৬২ টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান পাওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
