২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় শাহজালালে উড়োজাহাজ ওঠানামায় ফের বিঘ্ন

ঘন কুয়াশায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 10:58 AM

Updated : 19 Aug 2022, 06:15 PM

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, কুয়াশার কারণে ইউএস বাংলার একটি আন্তর্জাতিক ফ্লাইট সকাল সোয়া ৭টায় ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে যায়। সকাল ৯টার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঢাকায় নামার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত তা নামতে পারেনি।

এছাড়াও রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটও সকালে শাহজালালে নামতে পারেনি বলেও জানান বেবিচকের এই কর্মকর্তা।

রেজাউল বলেন, তবে বিমানের একটি ফ্লাইট কুয়ালামপুর থেকে ভোর ৪টায় শাহজালালে নেমেছে। ভোর ৩টা ৪৬ মিনিটে সাউদিয়ার একটি ফ্লাইট শাহজালাল ছেড়ে গেছে।

এদিকে কুয়াশার কারণে ভোর ৫টার পর ফ্লাইট বন্ধ থাকলেও সকাল ১০টার পর থেকে তা স্বাভাবিক হতে শুরু করে বলে জানান শাহজালাল বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কর্মকর্তা এসএম ওয়াহিদুর রহমান।

বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে তেমন ফ্লাইট ছিল না। কুয়াশার কারণে ভোর ৫টার পর ফ্লাইট বন্ধ ছিল।

‍“সকাল ১০টা ০৭ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট ছেড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট শাহজালালে নামে।”

এখন ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে বলে জানান এই এয়ার ট্রাফিক কর্মকর্তা।

চলতি মৌসুমে কুয়াশার কারণে বেশ কয়েকদিন উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হয়। গত সপ্তাহে টানা তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হওয়ায় ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় পর্যন্ত দেখা দিয়েছিল।

পুরনো খবর:

কুয়াশায় বিঘ্নিত উড়োজাহাজ ওঠানামা
কুয়াশায় এলোমেলো শাহজালালের ফ্লাইট সূচি