শিক্ষকদের অনশন ভাঙাতে শহীদ মিনারে যাচ্ছেন মন্ত্রী
‘বেতন বৈষম্য’ নিরসনের দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকদের অনশন ভাঙাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
আর আন্দোলনে থাকা প্রাথমিক সরকারি শিক্ষক মহাজোটের নেতারা বলছেন, মন্ত্রীর কাছ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি তারা পেয়েছেন। সেগুলো শিক্ষকদের সামনে তুলে ধরার পর তারাই সিদ্ধান্ত নেবেন- অনশন ভাঙবেন কি না।
সরকারি প্রাথমিক স্কুলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক যেখানে একাদশ গ্রেডে বেতন পান, সেখানে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিতে ঢোকা সহকারী শিক্ষকরা পান চতুর্দশ গ্রেডে।
এই ‘বৈষম্য’ কমিয়ে দ্বাদশ গ্রেডে বেতনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন সারা দেশ থেকে শিক্ষকরা। সেখানে কয়েকশ শিক্ষক উপস্থিত থাকলেও সোমবার অনশনে রয়েছেন ৩০ জন।
এই পরিস্থিতিতে সোমবার দুপুরের পর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল মিন্টো রোডে মন্ত্রীর বাসায় প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে অংশ নেন।
বৈঠকের পর সরকারি শিক্ষক মহাজোটের প্রতিনিধি মো. শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী সন্ধ্যায় শহীদ মিনারে যাবেন। আলোচনায় নেওয়া সিদ্ধান্তগুলো অনশনরত শিক্ষকদের সামনে তুলে ধরে অনশন ভাঙানোর চেষ্টা চালাবেন।”
তিনি বলেন, অনশন ভাঙবেন কি না- মন্ত্রীর কথা শুনে সে সিদ্ধান্ত অনশনরত শিক্ষকরাই নেবেন।
