অ্যাটর্নি জেনারেলকে ফের প্রাণনাশের হুমকি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে রোববার এই চিঠি আসার পর শাহবাগ থানায় জিডি করেছেন তার একান্ত সচিব কবীর আহমেদ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ডাক মারফত অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঁচটি চিঠি আসে। চিঠিগুলোতে বিভিন্ন বিষয় উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়।
এই হুমকির কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা জোরদার করার জন্য জিডিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
গত ৭ ডিসেম্বর একইভাবে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলকে।
“বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে,” বলেন ওসি আবুল হাসান।
