২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টকল্যাণ রাগে শুরু ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব

তরুণ শিল্পীদের সমবেত কণ্ঠে অষ্টকল্যাণ রাগ পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হয়েছে দুই দিনের শুদ্ধ সঙ্গীত উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 11:06 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

দেশের নানা প্রান্ত থেকে শুদ্ধ সঙ্গীতের শিল্পী ও ওস্তাদরা এসে জড়ো হয়েছেন এই আয়োজনে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানটের প্রধান মিলনায়তনে শুদ্ধ সঙ্গীতের দশম এই আসরের উদ্বোধন করেন রাজশাহীর বরেণ্য শিল্পী মঞ্জুশ্রী রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল।

দশ বছর ধরে ছায়ানট সারা দেশের শিল্পীদের নিয়ে আয়োজন করছে এ উৎসব। তিনটি অধিবেশনে সাজানো হয়েছে দুই দিনের উৎসব।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় সাড়ে চার ঘণ্টা ব্যাপ্তির প্রথম অধিবেশনের পরিবেশনা পর্ব। প্রথম দিনের এ উৎসব সাজানো হয় ঢাকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের নিয়ে। প্রথমেই ছায়ানটের শিল্পীদের বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এবারের এ উচ্চাঙ্গসংগীত উৎসবের মূল আয়োজন। দলীয় এ সংগীত পরিচালনায় ছিলেন শিল্পী রেজোয়ান আলী।

একক কণ্ঠসংগীত পরিবেশন করেন ঢাকার শিল্পী দীপ্তি সমাদ্দার। তিনি পরিবেশন করেন রাগ ‘মধুবন্তী’। কণ্ঠশিল্পী সতীন্দ্রনাথ হালদার গেয়ে শোনান রাগ ‘শ্রী’।

টানা দুটি কণ্ঠসংগীতের সুরলাপ থামতেই বেজে ওঠে বাদ্যযন্ত্র ‘সেতার’র সম্মোহনী সুর-ঝঙ্কার। রাগ ‘জয়িতকল্যাণ’ বাজিয়ে শোনান ঢাকার সেতার বাদক এবাদুল হক সৈকত। সেতারের সুর-ঝঙ্কারের অনুরণন না থামতেই মঞ্চে ‘বেহালা’র সুর-লহরী ছড়িয়ে দিতে আসেন ঢাকারই বেহালাবাদক শিল্পী শিউলী ভট্টাচার্যী। তিনি পরিবেশন করেন রাগ ‘ঝিনঝুটি’।

এরপর মঞ্চে আসেন কণ্ঠশিল্পী খায়রুল আনাম শাকিল। তিনি কণ্ঠে তুলে নেন রাগ ‘ভিন্নষড়জ’।

প্রথমদিনের এ আয়োজনের সবশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শিল্পী অনিল কুমার সাহা। তিনি পরিবেশন করেন রাগ ‘মালকোষ’।

শুক্রবার উৎসবের সমাপনী দিনের অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং চলবে রাতব্যাপী।

এদিনের আয়োজনে ঢাকার শিল্পীদের কণ্ঠ ও যন্ত্রসংগীতের পাশাপাশি থাকবে রাজশাহীর কণ্ঠশিল্পী অসিত রায়ের কণ্ঠসংগীত, চট্টগ্রামের যন্ত্রসংগীত শিল্পী দোলন কানুনগোর মোহনবীণা বাদন এবং নওগাঁর শিল্পী বিপুল কুমারের কণ্ঠসংগীত পরিবেশন।

এছাড়াও সমাপনী আয়োজনে ঢাকার আরও বেশ কয়েকজন কণ্ঠশিল্পী অংশ নেবেন। তারা হলেন-রেজোয়ান আলী, অসিত কুমার দে, জগদানন্দ রায়, বিজন চন্দ্র মিস্ত্রী, শ্রাবন্তী ধর, সুপ্রিয়া দাশ, অভিজিৎ কুণ্ডু ও তাসাউফ ইসলাম।

শেষ দিনের আয়োজনে সবশেষে থাকবে ছায়ানটের যন্ত্রসংগীত শিল্পীদের বৃন্দ তবলা, বেহালা বাদন ও কণ্ঠসংগীত পরিবেশনা।