এতিমখানা দুর্নীতি: দিনভর শুনানি খালেদার কৌঁসুলির
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করা হল।
খালেদা জিয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত মামলাটিতে তার নির্দোষিতার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আবদুর রেজাক খান। মাঝে দুপুরে এক ঘণ্টা আদালতের বিরতি ছিল।
ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান বকশীবাজারের কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ এজলাসে বসে শুনানি নেওয়ার পর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর।
এ মামলায় আত্মপক্ষ সমর্থনে মোট সাত দিন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৫ ডিসেম্বর তার বক্তব্য শেষ হলে বিচারক যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেন।
এদিকে এদিন শুনানির আগে হঠাৎ করেই আদালতপাড়ার বাইরের এই এজলাস ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, আদালতের বাইরে আর্চওয়ে বসানো, আশেপাশে মোটর সাইকেলে করে র্যাব টহল দিচ্ছে। পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও গোয়েন্দা সদস্যদের উপস্থিতিও অন্য দিনের চেয়ে বেশি।
সকাল ১১টার দিকে খালেদা জিয়ার ঢোকার কিছুক্ষণ পরই তার আইনজীবী শুনানি শুরু করেন।
খালেদা এর আগে আদালতে বলেছিলেন, তার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনের সময় রেজাক খান ছাড়াও খালেদার আইনজীবীদের মধ্যে ছিলেন মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।
শুনানিতে রেজাক খান বলেন, “বাংলাদেশের ইতিহাসে এই মামলাটি একটি ইতিহাস সৃষ্টিকারী মামলা হিসেবে গণ্য হবে। এর কারণ, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে, সেখানে দুদকের কর্মকাণ্ড, দুদক কীভাবে তদন্ত করছে সেই সম্পর্কে বিজ্ঞ আদালতের দিক নির্দেশনা আমরা বিনীতিভাবে কামনা করি।”
দুর্নীতির এই মামলার সঙ্গে খালেদা জিয়া, তার পরিবার ও দলের মান-সম্মান জড়িত বলে মন্তব্য করেন তিনি।
দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে রেজাক খান বলেন, “যদি বিদেশ থেকে প্রধানমন্ত্রীর তহবিলে টাকা এসে থাকে, তাহলে এই ২ কোটি ৩৩ লাখ টাকা বাগেরহাটে চলে গেল, কিন্তু সেই বিষয়ে কোনো তদন্ত নেই, নিশ্চুপ। কিন্তু এটা তো দুর্নীতি দমন কমিশনের অংশ ছিল।”
১৯৯১ সাল থেকে প্রায় ১৭ বছর ট্রাস্ট বিষয়ে কোনো অভিযোগ না ওঠার পর পুরনো বিষয় নিয়ে দুদকের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
“হঠাৎ করে ১৯৯১ সালের অতীতে একটা ঘটনা নিয়ে দুদকের এমন কী কারণ হল! সেই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো অভিযোগ নেই, অডিটারদের কাছ থেকে, কারও কাছ থেকে কোনো অভিযোগ নেই। হঠাৎ দুদকের স্ব-উদ্যোগে কী খেয়াল হল?
“কী এমন তাগিদ ছিল? কোথা থেকে এই প্রেরণা ও ঘটনার সূত্রপাত হল, কী কারণে? কোনো কৈফিয়ত নেই।”
রেজাক খান বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরে যারাই আসীন হন, তারা বিরাট কাঠামোর মধ্যে থাকেন, দুদকের সাক্ষী তৌহিদুর রহমান প্রধানমন্ত্রীর দপ্তরের ১২ নম্বর পরিচালক ছিলেন। তার অধীনে বিভিন্ন তহবিল ছিল, নিশ্চুপ; তারা কেউ কিছু বলছে না।”
এদিকে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার লিখিত বক্তব্যও এদিনে গ্রহণ করে আদালত।
এই মামলায় আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষ্য দেওয়া হবে কি না, বিচারক আখতারুজ্জামান তা খালেদার কাছে জানতে চান। তাতে নেতিবাচক জবাব দেন বিএনপি চেয়ারপারসন। তখন সাফাই সাক্ষ্য না রাখার সিদ্ধান্তটি লিখিতভাবে দিতে তাকে নির্দেশ দেয় আদালত।
পরে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালতের কাছে আবেদন জানান। তখন বিচারক ২৬ ডিসেম্বর দুদকের পক্ষে যুক্তি উপস্থাপনের দিন ঠিক করেন।
দুই মামলায় খালেদা স্থায়ী জামিনের আবেদন করলে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত জামিন দেয় আদালত।
সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা আদালত কক্ষেই ছিলেন খালেদা। দুপুরের বিরতিতে তিনি আদালত কক্ষে বসেই জাউভাত খান।
খালেদার এক আইনজীবী জানান, বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস দলীয় নেত্রীর জন্য জাউভাত রান্না করে এনেছিলেন।
আদালতে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।
মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।
