চার ঘণ্টায় ‘৩০ শতাংশ’ ভোট পড়েছে রংপুরে
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে চার ঘণ্টার ভোটে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাও বলছেন, ভোট পড়ার হার ‘সন্তোষজনক’। ভোটারের উপস্থিতি ‘ভালো’ থাকায় দিনশেষে ভোট পড়ার হারও বাড়বে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রে প্রায় ৪ লাখ ভোটারের মধ্যে একটি কেন্দ্রে ২ হাজারের বেশি ভোটার ইভিএমে ভোট দিচ্ছেন।
ঢাকার আগারগাওয়ের নির্বাচন ভবন থেকে নির্বাচন কমিশনও সরাসরি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রংপুরে তিনটি কেন্দ্রে বসানো সিসিটিভির ভিডিওতে ইসি কর্মকর্তারা ঢাকা থেকেই চোখ রাখছেন সরাসরি। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা ও মাঠ কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তথ্য নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বেলা ১২টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ ভোট চলছে। ভোট খুব ভালো হচ্ছে; কারও কোনো অভিযোগ নেই। আমরা সরাসরি কেন্দ্রের তৎপরতাও দেখছি। সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখছি। সবাই প্রশংসাও করছে ভোট নিয়ে।”
তিনি বলেন, ইভিএমেও ভোটারের সাড়া মিলছে। অধিকাংশ কেন্দ্রেই নারী ভোটারের ভালো উপস্থিতি ছিল।
“সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত গড়ে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করছি। দিন শেষে এ হার আরও বাড়তে পারে।”
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোট হচ্ছে এবার। ওই কেন্দ্রের ২ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে ৩৫ শতাংশ বেলা ১২টার আগেই ভোট দিয়েছেন বলে প্রিজাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম দুলাল জানান।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “প্রথম চার ঘণ্টায় আমরা যা দেখেছি, ভোটার উপস্থিতি বেশ ভালো। দুপুর বেলা খাবারের সময়টায় উপস্থিতি স্বাভাবিকভাবেই কম হয়। বেলা ২টার পর উপস্থিতি আবার বাড়ে।”
তিনি জানান, কোথাও কোনো গোলযোগের খবর তারা পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলাবাহিনীও সজাগ রয়েছে।
রংপুরে সর্বশেষ ২০১২ সালের সিটি নির্বাচনে ১৭৩টি কেন্দ্রে ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮২ হাজার ১৬৪ জন ভোট দেন। ভোট পড়ার হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ।
পাঁচ বছর পর এবার নতুন এলাকা যুক্ত হওয়ায় ১৯৩ কেন্দ্রে ভোটার রয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এবার মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।
