সেন্ট মার্টিন সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে কোকা-কোলা ও কেওক্রাডং
৩১তম ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ যৌথভাবে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখার লক্ষ্যে কাজ করছে।
এই দুটি প্রতিষ্ঠান সপ্তম বারের মতো একত্রে কাজ করছে এবং তারা বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপটিতে দিনব্যাপী সৈকত পরিষ্কারে করার কাজে অংশ নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত সাত বছরে কোকা-কোলা বাংলাদেশ এবং কেওক্রাডং বাংলাদেশ এর সহায়তায় ৩৫০০ জন স্বেচ্ছাসেবী সেন্ট মার্টিন থেকে ৮,৪০০ কেজি সামুদ্রিক আবর্জনা পরিষ্কার করেছে বলে দাবি করেছে তারা।
এই কার্যক্রমের জন্য সেন্টমার্টিন দ্বীপকে নির্বাচন করার কারণ সম্পর্কে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব খান বলেন, “সেন্ট মার্টিনের সৌন্দর্য অকল্পনীয় এবং এর ফলে এখানে অনেক টুরিষ্ট আকৃষ্ট হন। “গত ছয় বছরের মতো এই বছরেও টুরিস্ট, স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা কোস্টাল ক্লিনআপ কার্যক্রম পরিচালনা করছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা আশাকরি আমাদের বিশ্বব্যাপী প্রতিশ্রুত দূষণমুক্ত পানি, সবুজ, পরিষ্কার ও টেকসই পরিবেশের অঙ্গীকার পূরণে আরো সক্ষম হবো।”
এই বছরের কোস্টাল ক্লিনআপের স্লোগান ছিল ‘পিক ইট আপ, ক্লিন ইট আপ, সি চেঞ্জ’। এতে স্বেচ্ছাসেবী হিসেবে সারাদেশ থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক এবং পেশাজীবীরা অংশ নেন। স্বেচ্ছাসেবীদের মধ্যে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও অংশ নেন।
