প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের হটলাইন
প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা জানতে হটলাইন চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এখন থেকে ০১৭৮৪-৩৩৩৩৩৩, ০১৭৯৪-৩৩৩৩৩৩ এবং ০২-৯৩৩৪৮৮৮ এই তিনটি নম্বরে ফোন করে প্রবাসীরা তাদের যে কোনো অভিযোগ জানাতে পারবেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার তিনটি হটলাইন নম্বর উদ্বোধন করেছেন। এগুলো প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা (বাংলাদেশ সময়) পর্যন্ত চালু থাকবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এদিন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ডে-কেয়ার সেন্টারও উদ্বোধন করেন।
এছাড়া সচিব নমিতা হালদার মন্ত্রণালয়ের অর্থায়নে জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিবাসনে পিছিয়ে পড়া ২২টি জেলার প্রশিক্ষণার্থীদের নিয়ে আপাতত সেন্টারটি চালু হয়েছে। অচিরেই অভিবাসনে পিছিয়ে পড়া বাকি ২০টি জেলার প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ শুরু হবে।
