আইনজীবীদের মধ্যে থেকে সরাসরি বিচারক নিয়োগে উকিল নোটিস
আপিল বিভাগের বিচারক ও প্রধান বিচারপতি পদে সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে থেকে সরাসরি নিয়োগের পদক্ষেপ চেয়ে সরকারসহ সংশ্লিষ্টদের উকিল নোটিস দিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে।
ওই সময়ের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ হিসেবে হাই কোর্টে রিট আবেদন করবেন বলেও জানিয়েছেন নোটিসদানা ইউনুছ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কারও ১০ বছরের অভিজ্ঞতা থাকলে তিনি সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য।
“কিন্তু ১৯৭২ সালের পর থেকে এ পর্যন্ত ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীদের মধ্য থেকে আপিল বিভাগে
সরাসরি কোনো বিচারক বা প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি।
“হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ৮০ শতাংশের বেশি নিয়োগ আইনজীবীদের মধ্যে থেকে হলেও তাদের কেউ সরাসরি নিয়োগ পাননি।”
এভাবে নিয়োগের ফলে আইনজীবীদের সঙ্গে ‘বৈষম্য’ করা হয়েছে এবং সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারকে ‘খর্ব’ করা হয়েছে বলে মনে করেন ইউনুছ আলী।
তিনি বলেন, “হাই কোর্ট বিভাগ থেকেই আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে কিংবা পদোন্নতি দিয়ে আপিলে নিয়ে যেতে হবে- এমন কোনো বিধান আমাদের সংবিধানে নেই। অথচ আপিল বিভাগে শতভাগ বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে হাই কোর্ট থেকে।
“এ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন, তাকে চারবার শপথ নিতে হচ্ছে। অর্থাৎ একই ব্যক্তি পরপর চারটি পদ হোল্ড করেন। অথচ সাংবিধানিক বিধান থাকার পরও আইনজীবীদের মধ্যে থেকে আপিলে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে না।”
ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে কীভাবে বিচারক নিয়োগ হয়, সে বিষয়ে সেসব দেশের সবিধানের বিধানও তুলে ধরা হয়েছে ইউনুছ আলীর নোটিসে।
তিনি লিখেছেন, ভারতে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেতে হলে হাই কোর্টের বিচারক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা আইনজীবী হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।
পকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেতে হলে উচ্চ আদালতের আইনজীবী হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।
আর যুক্তরাষ্ট্রে সিনেটের সম্মতি সাপেক্ষে প্রেসিডেন্ট যে কোনো ব্যক্তিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারেন।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিষয়ে বাংলাদেশর সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বলা হয়েছে,
১. প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দেবেন।
২. সুপ্রিম কোর্টের বিচারক হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সুপ্রিম কোর্টে অন্যূন দশ বছর ওকালতির অভিজ্ঞতা না থাকলে অথবা কমপক্ষে দশ বছর বিচার বিভাগীয় কোনো পদে কাজ করার অভিজ্ঞতা না থাকলে অথবা আইন দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকলে তিনি সুপ্রিম কোর্টে বিচারক পদে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
বাংলাদেশে যেহেতু সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের যোগ্যতা ঠিক করে কোনো আইন করা হয়নি, সেহেতু এ পর্যন্ত প্রথম দুই শর্তের মধ্যে একটির নিরিখেই হাই কোর্টে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
