২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলেও সরকারিভাবে শিশু সংগঠন গড়তে চান অর্থমন্ত্রী

বাংলাদেশের জেলা-উপজেলা পর্যায়সহ প্রত্যন্ত অঞ্চলেও সরকারিভাবে শিশু সংগঠন প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

বর্তমান সরকারের মেয়াদ পূর্তির আগেই এই উদ্যোগ নিতে শিশু একাডেমিতে প্রস্তাব তোলার পাশাপাশি তা বাস্তবায়নে অর্থ যোগানেরও ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন- ২০১৭ এর উদ্বোধন করে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, “এই মুহূর্তে দেশে কোনো শিশু আন্দোলন নেই, শিশু সংগঠন নেই, এটি সৃষ্টি করা প্রয়োজন।

“শিশুদের বিষয় দেখার জন্য আমাদের শিশু একাডেমি নামে একটি প্রতিষ্ঠান আছে। তাদের মাধ্যমে বোধহয় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, একটা শিশু আন্দোলন শুরু করতে পারি।”

অর্থমন্ত্রী বলেন, “একটা শিশু আন্দোলন গড়ার জন্য আমি অবশ্যই শিশু একাডেমির সঙ্গে আলাপ করব। আমার লক্ষ্যমাত্রা হবে আগামী বছরের মধ্যেই আমরা যাতে একটা শিশু সংগঠন… আমাদের জেলা-উপজেলায়, বিভিন্ন জায়গায় গড়ে তুললে খুবই ভালো হবে।”

দেশে শিশু আন্দোলন গড়ে তোলার জন্য শিশু একাডেমির কাছে নিজেই প্রস্তাব উপস্থাপন করবেন জানিয়ে মুহিত বলেন, “সেজন্য প্রয়োজনীয় কিছু রশদ সুবিধার ব্যবস্থা ইত্যাদি আগামী বছরে আমাদের (সরকারের) মেয়াদ শেষ হওয়ার আগেই শুরু করার চেষ্টা করব।”

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিশু সাহিত্যিক রফিকুল হক এবং চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক হাসেম খান ও রফিকুন্নবীকে ‍সম্মাননা সনদ, ক্রেস্ট এবং প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৩০০ জন শিশু সাহিত্যিক যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে শিশু সাহিত্যিকদের লেখা নিয়ে ‘তেপান্তর’ নামে একটি প্রবন্ধেরও মোড়ক উন্মোচন করা হয়।

লেখক শিশু সাহিত্যিক আবুল মোমেন বলেন, “দিনে দিনে শিশুদের ওপর পাঠ্যবইয়ের চাপ বাড়ছে। যেখানে তারা বসবাস করে, সেই ফ্ল্যাট খাঁচার মতো। আর স্কুলগুলো কারাগারের মতো, মাস্টার প্রহরীর মতো।

“দিনে দিনে পাঠ্যবইয়ের চেয়ে নোট বইয়ের কদর বাড়ছে। স্কুলের চেয়ে কোচিং সেন্টারের কদর বাড়ছে এবং ক্লাসের শিক্ষার চেয়ে পরীক্ষার গুরুত্ব বেড়ে যাচ্ছে। ফলে শিশুরা কোনো পূর্ণাঙ্গ পাঠ গ্রহণ করে না এবং আকর্ষণও করে না। পরীক্ষা পরীক্ষা করে শিশুদের পূর্ণাঙ্গ একটি বই পড়ার মত ক্ষমতা থাকে না।”

আবুল মোমেন বলেন, “শিক্ষা ব্যবস্থা পরীক্ষার্থী তৈরি করছে, শিক্ষার্থী তৈরি করছে না, পাঠক তৈরি করছে না। একের পর এক পরীক্ষা… শিক্ষার্থীদের ভীষণভাবে পরীক্ষামুখী করা হচ্ছে।”

শিশুদের ওপর পাঠ্য বইয়ের বোঝা রয়েছে মন্তব্য করে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “শিশুদের খেলার জায়গা নেই, আনন্দের জায়গা নেই।

“এখন দেখি শিশুদের গাছে বেঁধে পেটানো হয়, চারদিকে অনেকে দাঁড়িয়ে থাকে, হাসাহাসি করে কিন্তু কেউ উদ্ধার করে না।”

শামসুজ্জামান বলেন, শিশুবান্ধব পরিবেশ কীভাবে সৃষ্টি করতে পারব, সেটাই ভাবনার বিষয়। শিশুদের আনন্দের মধ্যে রাখতে হবে, তাদের এত বই পড়ার দরকার নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল এবং এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী বক্তব্য দেন।