২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে স্বামী হত্যার পাঁচ বছর পর স্ত্রীর ফাঁসি

পরকীয়ার জেরে পাঁচ বছর আগে রাজধানীর পল্লবীতে স্বামী হত্যার দায়ে এক নারীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে ট্রাইবুনালের পেশকার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

দণ্ডপ্রাপ্ত মোছা. সালেহা খাতুন শিউলী চাঁদপুর জেলার উত্তর মতলবের আইঠাদি মাথাভাঙার মৃত সিরাজুল ইসলামের মেয়ে। স্বামী সন্তান নিয়ে তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।

রায়ের নথি থেকে জানা যায়, মহসীন তার স্ত্রী শিউলী এবং দুই ছেলে প্রান্ত ও প্রিয়ন্তকে নিয়ে পল্লবীতে স্থায়ীভাবে বাস করতেন। মহসীনের সঙ্গে সংসার করা অবস্থায় সালেহা অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি ও মারামারি লেগেই থাকত।

২০১২ সালের ২৬ অক্টোবর ধারাল অস্ত্র দিয়ে মহসীনের গলার শ্বাসনালী কেটে ফেলে তাকে হত্যা করেন শিউলী। এসময় তার পুরুষাঙ্গও শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পরে মহসীনকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. মজনু মিয়া বাদী হয়ে পল্লবী থানায় যে মামলা দায়ের করেন তাতে শরীফ চৌধুরী আপন, সুরুজ মিয়াসহ আরও পাঁচ থেকে সাতজন ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়।

তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই বিপ্লব কুমার শীল তদন্ত করে ২০১৩ সালের ২১ জানুয়ারি শুধু শিউলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলাটির বিচারকাজ চলাকালে আদালত সাতজনের সাক্ষ্য নেয়। মহসীনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন শিউলী।

বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, বর্তমানে স্বামীর হাতে স্ত্রী, আবার স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু হচ্ছে। এ ধরনের মামলার আসামির উপযুক্ত বিচার হওয়া আবশ্যক। আসামি যে অপরাধ করেছে তা খুবই মর্মান্তিক, ভয়ঙ্কর। এই অপরাধ সভ্য সমাজের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ও সহনীয় নয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল কাদের পাটোয়ারী আর আসামিপক্ষে ছিলেন এএইচএম রাশেদ।