২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কী কী করেছেন, সরকারকে প্রশ্ন সন্তু লারমার

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার জন্য চুক্তিকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও দায়ী করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 06:22 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

শান্তিচুক্তির বাকি শর্তগুলোও বাস্তবায়িত হবে: প্রধানমন্ত্রী

গত আট বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে চুক্তি স্বাক্ষরকারী এই পাহাড়ি নেতা বলেছেন, “আমি বিনয়ের সঙ্গে জানতে চাই, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত কী করেছেন?”

১৯৯৮ সালে সরকারের সঙ্গে চুক্তি করে সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে ছিলেন সন্তু লারমা। তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী।

“চুক্তিকারী আওয়ামী লীগ সরকার বলার চেষ্টা করে, তারা যখন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছিলেন, তখন চুক্তিবিরোধী সরকার বিএনপি এবং এরপর ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। ৭ বছরের ব্যবধানে তারা এগিয়ে নিতে পারেনি,” বলার পর আওয়ামী লীগকে ওই প্রশ্ন করেন তিনি।

পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিন আগেই বলেছিলেন, চুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়িত হয়েছে। বাকিগুলোও বাস্তবায়িত হবে।

চুক্তির আওতায় গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার দাবি, কেবল ভূমি কমিশনের বিতর্কিত কিছু ধারার পরিবর্তন ছাড়া এই আট বছরে শেখ হাসিনার সরকার কিছু করেনি।

“চুক্তিটিকে গলাটিপে হত্যা করার জন্য শেখ হাসিনার সরকার কোন কাজটি করে নাই? এখনও ওখানে সেনা শাসন চলছে। নিরাপত্তাহীন অন্ধকার জীবন সেখানে।

“শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। তাকে অনুরোধ করি, আত্মজিজ্ঞাসা করুন- আপনি সততার আশ্রয় নিয়ে সেটা বলেছেন।”

সন্তু লারমা বলেন, চুক্তির বলে নিজে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হলেও তার কোনো ক্ষমতা নেই।

“আমি তো ঠুঁটো জগন্নাথ। যদিও আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ প্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রামের তত্ত্বাবধায়ক, আইনশৃঙ্খলা ও প্রশাসন সবক্ষেত্রে। কিন্তু আমি সন্তু লারমা চেয়ারম্যান হলেও পুলিশের কনস্টেবল ও সেনাবাহিনীর সিপাহীর চেয়ে কম ক্ষমতাবান।”

অনুষ্ঠানে কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বলেন, “চুক্তি বাস্তবায়ন চেয়ে বড় ধরনের হতাশা হচ্ছে- চুক্তি বাস্তবায়ন না হলেও সেটা বাস্তবায়ন হয়েছে বলে প্রচার চালানো। সরকার প্রতিনিয়তই সেই প্রচার চালিয়ে যাচ্ছে।”

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন মারমা বলেন, “সরকার প্রচার করছে চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়ন হয়েছে। যারা চুক্তি পড়েননি বা পড়ে পুরোপুরি বোঝেননি, তারা হয়ত ভাববেন চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে অনেকটা। কিন্তু চুক্তি পড়ে দেখলে সেটা উল্টোই মনে হবে।”

পাহাড়িদের রাজনৈতিক অধিকার হরণের অভিযোগ তুলে তিনি বলেন, “চুক্তির মাধ্যমে আগে যে অধিকার ছিল না, সেগুলো ভোগ করার কথা ছিল। দুঃখের বিষয় চুক্তি হলেও সেটার বাস্তবায়ন নিয়ে লড়াই করতে হচ্ছে। আজকেও রাঙামাটির পুরো জনগোষ্ঠীকে বাঙালি বলে অভিহিত করা হচ্ছে।”

কাপেং ফাউন্ডেশন আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর এবং নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে সন্তু লারমা সরকারকে হুঁশিয়ারও করেন।

“সরকার, শাসক গোষ্ঠী, নীতি-নির্ধারকরা যেসব পদক্ষেপ নিয়েছেন, তাতে পরিস্থিতি জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যন্ত নাজুক ও অস্থিতিশীল। পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন পেছনে ফেরার সুযোগ নেই। যদি কিছু করতে হয়, সামনের দিকেই এগিয়ে যেতে হবে।

“আমরা এমন পর্যায়ে এসেছি, হয়ত অন্য দেশে চলে যেতে হবে, না হয় এখানে থেকে অস্তিত্ব বিলীন হতে হবে। কিন্তু জুম্ম জনগণ সেটা হতে দেবে না। অন্ধকার, অনিশ্চিত ভবিষ্যত ও দমন-পীড়ন বন্ধের জন্য লড়াই সংগ্রাম করে যাবে।”

প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। 

“বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কেউ তো সরকারকে চাপ সৃষ্টি করার জন্য, পাহাড়িদের মুক্তির জন্য কোনো কর্মসূচি নিয়ে এগিয়ে আসেন না। যখন দেখা হয় অনেক কথাই বলি, আলোচনায় অংশ নেন। কিন্তু দলগতভাবে তো কেউ এগিয়ে আসেন না।”

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক নজরুল কবীর বলেন, “আওয়ামী লীগ-বিএনপি কোনো দলই পার্বত্য চট্টগ্রামের মানুষের মুক্তি দিতে পারে না। কারণ তার শ্রেণি চরিত্র সেটা বলে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি শ্রেণিহীন সমাজের কথা বলেছিল। দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় আসা চুক্তির বাস্তবায়নে এখন বড় রকমের রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সময় এসেছে।”

সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আল ক্বাফি রতন সরকারের উদ্দেশে বলেন, “এক উপনিবেশিকতার মধ্যে আছে পার্বত্য এলাকা। চারশ’র মতো ছোট-বড় সেনাক্যাম্প আছে। শান্তি যদি প্রতিষ্ঠা করতেই হয়, তাহলে আপনি সেনাক্যাম্প রাখছেন কেন?”

চুক্তি বাস্তবায়নের স্বার্থে পাহাড়ি অধিকারকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান সিপিবি নেতা।

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব বলেন, চুক্তির পরও পাহাড়ে নিপীড়ন কমেনি। উল্টো প্রতিবাদ কমে গেছে। 

“চুক্তির আগে যখন পাহাড়িদের বাড়িতে আগুন দেওয়া হত, নির্যাতন চালানো হত, ধর্ষণ করা হত, তখন আদিবাসীরা কঠোরভাবে প্রতিরোধ করতেন। আর এখন সেই রকম হলে প্রতিরোধ হচ্ছে না, একটা প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে কি না, সেটা নিয়ে ভাবতে হচ্ছে। তার মানে চুক্তি বাস্তবায়ন না হলেও লড়াইয়ের শক্তিটা নষ্ট হয়েছে এর মাধ্যমে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন বলেন, “সরকারের ‍উপর দায়িত্ব বর্তায়, সরকার তার দেশের কোনো জনগোষ্ঠীর উপর বৈষম্য করবে না। বৈষম্য যেহেতু চলছে, সেহেতু দ্রুততম সময়ে চুক্তির বাস্তবায়নের জন্য এখন উদ্যোগ নিতে হবে।”

জনসংহতি সমিতির হুঁশিয়ারির প্রসঙ্গে তিনি বলেন, “কেবল সশস্ত্র সংগ্রামে যেতে হবে, এমন নয়। কোন কোন জায়গায় চুক্তি বাস্তবায়ন হয়নি, সেটা চিহ্নিত করে লিডারশিপ নেটওয়ার্ক তৈরি এবং বুদ্ধিভিত্তিক পদক্ষেপ নিয়ে বড় ধরনের উদ্যোগ নিতে হবে।”

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।