২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেজরসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

দুর্নীতির একটি মামলায় অবসরপ্রাপ্ত এক মেজরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 08:33 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মিজানুর রহমান, ঢাকা সেনানিবাসের অর্থ নিয়ন্ত্রক, পে-১ কার্যালয়ের অডিটর মো. সাইদুর হোসেন ও সাবেক উপ-সহকারী অর্থ নিয়ন্ত্রক  মো. শাহজাহান।

বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে মিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি জানান, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া টিএ/ডিএ ও বেতনভাতা বিল প্রস্তুত ও পাস করে সরকারের ৪৪ লাখ ৯৬ হাজার ৮৫ টাকা আত্মসাৎ করেন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রও গায়েব করেন।

এসব অভিযোগে ২০১৫ সালের ২৪ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে দুদক।

দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক ও উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন মামলাটি তদন্ত করেন।

২০০২ সালের ৬ নভেম্বর থেকে ২০০৪ সালের ৬ অক্টোবর পর্যন্ত সময়ে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।