ডিআরইউয়ে নতুন নেতৃত্ব
ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন শুক্কুর আলী শুভ।
সংগঠনের শীর্ষ দুই পদের মতো সাংগঠনিক সম্পাদক পদেও এসেছে নতুন মুখ, নূরুল ইসলাম হাসিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসিব বিগত কমিটিতে সদস্য ছিলেন। বৃহস্পতিবারের নির্বাচনে ৪৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী পেয়েছেন ৪১২ ভোট।
সভাপতি পদে বৈশাখী নিউজের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) সাইফুল ৬০৭ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবু দারদা জুবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক শুক্কুর আলী শুভ পেয়েছেন ৫০২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী একই সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালিন নোমানী পেয়েছেন ২৭৯ ভোট।
৫৪২ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মঈনুদ্দিন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায় পেয়েছেন ৩৫৭ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে বাংলা ভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গেলমান শফি, অর্থ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদিকা পদে ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক ঝর্ণা মণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম ভূইয়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে সময় নিউজের মো. জেহাদ হোসেন চৌধুরী (৫৮৮ ভোট), গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. মোহসিন হোসেন (৫৬২ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক সংগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক কামালউদ্দিন সুমন (৬৮২ ভোট), সমাজকল্যাণ সম্পাদক পদে দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কাওসার আজম (৭৩২ ভোট) নির্বাচিত হয়েছেন।
খেলাধুলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দিনের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত দারিয়া।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দিনের আব্দুল্লাহ আল কাফি, আমার দেশের মাহমুদা ডলি, আমাদের অর্থনীতির জান্নাতুল ফেরদৌস পান্না, মো. জাফর ইকবাল, দৈনিক সংবাদ প্রতিদিনের আব্দুল হাই তুহিন, বাংলাদেশের খবরের কামাল মোশাররফ ও শীর্ষ নিউজের এসএমএ কালাম।
