২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস ছাড়া ক্যাডার: শুনানিতে ৩ অ্যামিচি কিউরি

বিসিএস পরীক্ষা ছাড়া শিক্ষা ক্যাডারের নিয়োগের বিরোধিতায় করা রিট আবেদনের শুনানিতে আদালত বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে আইনজীবী ও শিক্ষাবিদসহ তিনজনের মতামত শুনবে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 04:01 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

তিন অ্যামিচি কিউরি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং আইনজীবী ব্যারিস্টার কামাল উল আলম।

আদালতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে করা রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, ২০০০ সালের রুলস অনুযায়ী সরকার জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের আত্তীকরণ করছে। এ বিষয়ে একটি পক্ষ রিট করেছিল। এ রিটের শুনানিতে আদালত তিনজনকে অ্যামিচি কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে।

আদালতের আদেশ অ্যামিচি কিউরিদের কাছে পৌঁছে দিতে রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন রাখা হয়েছে।

রিটকারী পক্ষের আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, আইন অনুসরণ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারের নিয়োগ না দিতে ২০১৬ সালে একটি রিট করা হয়। ওই রিটে রুলও জারি করে হাই কোর্ট।

এ রুল শুনানিতে মতামতের জন্যই তিনজনকে অ্যামিচি কিউরি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

২০০০ সালে তৈরি করা আত্মীকরণ বিধিমালা অনুসরণ করে জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকরণ করে আসছে সরকার।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে চাকরিরত কলেজ শিক্ষকরা সরকারের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করছেন।

জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার পদমর্যাদার শিক্ষকদের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা না দেওয়ার দাবিতে কর্মবিরতিও পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।