২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হকের চিকিৎসায় বসছেন চিকিৎসকরা

লন্ডনে হাসপাতালে আইসিইউতে থাকা মেয়র আনিসুল হকের চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে বসছেন চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 09:28 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

লন্ডন সময় বুধবার বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) চিকিৎসকরা বসবেন বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, স্বামীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে তিনি আশাবাদী।

সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের অবস্থার মাঝে উন্নতি ঘটলেও মঙ্গলবার ফের আইসিইউতে নেওয়া হয় তাকে।

রুবানা হক মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিলেন, ‘সংক্রমণের কারণে’ আনিসুল হককে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেছেন চিকিৎসকরা।

অগাস্টের মাঝামাঝিতে লন্ডনের ওই হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা  হয়েছিল আনিসুল হককে।

অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছিল। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে ৬৫ বছর বয়সী আনিসুল হক।

মেয়রের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষাপটে ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি এক বিবৃতিতে জানায়, তার অবস্থার উন্নতি হচ্ছে।

“কোনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা করে চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

রুবানা হকও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে নিয়ে নানা গুজব উড়িয়ে দেন।

তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি এফবিসিসিআইর সভাপতি ছিলেন। তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন তিনি।

পুরনো খবর:

আনিসুল হক আবার আইসিইউতে