ঢাবির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের দশক পূর্তি
দেশীয় বাজার অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য বিষয় নিয়ে পাঠদানে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের দশ বছর পূর্ণ হয়েছে।
এই দশ বছরে বিভাগের পাঠদানের গণ্ডির পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে বলে বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রকিব উদ্দিন ভূঁইয়া বলছেন, এই সময়ে তারা আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্যা-সমাধানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি করেছেন, যারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম হিসেবে ২০০৭ সালের ৮ নভেম্বর সীমিত সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ। এখনও দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এ বিভাগ নেই।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে শিক্ষক আছেন ২৭ জন, শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক।
এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর মিলে ৬০০ জন শিক্ষার্থী রয়েছে। আর মাস্টার্স অব ইন্টারন্যাশনাল বিজনেস কোর্সে আছে ১০০ জন এবং সান্ধ্যাকালীন মাস্টার্স কোর্সে লেখাপড়া করছেন ৪০০ জনের মতো।
বিভাগ ঘুরে দেখা গেছে, বিভাগের সব শ্রেণিকক্ষ আধুনিক অডিও-ভিজ্যুয়াল সরঞ্জাম রয়েছে।রয়েছে নিজস্ব কম্পিউটার ল্যাব, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন লাইব্রেরির সুবিধা ব্যবহার করতে পারেন শিক্ষার্থীরা।এছাড়া শিক্ষার্থীদের অধ্যয়ন ও গবেষণার জন্য কম্পিউটার ল্যাবে মুদ্রণ, স্ক্যানিং ও ইন্টারনেট সুবিধা রয়েছে।
রকিব উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান বিশ্বায়নের যুগে প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা রয়েছে।তাদের প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার দরুণ দক্ষ জনশক্তির প্রয়োজন বেড়ে যাচ্ছে।
“আমরা এমন ধরনের গ্রাজুয়েট তৈরি করতে পারি, যাতে তারা আন্তর্জাতিক ও দেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করতে পারে।”
তিনি বলেন, “চাহিদা অনুযায়ী নতুন জনশক্তি তৈরির প্রয়োজন আছে। জনশক্তি থাকলে তাদের থাকতে হবে আন্তর্জাতিক বাজার, অর্থনীতি, আন্তর্জাতিক সার্বিক পরিস্থিতি, নিয়মকানুন-এই সব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান।
এসব বিষয়ের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্যা, দুর্বলতা ও সম্ভাবনা কী হবে, সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নিতে হবে- সে বিষয়গুলোর উপরও তারা শিক্ষার্থীদের ধারণা দেন বলে জানান অধ্যাপক রকিব।
“যখন একজন শিক্ষার্থী আন্তর্জাতিক ব্যবসা এবং কীভাবে তা পরিচালনা করতে হবে তা জানে, তখন তার পক্ষে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করাও সহজ হবে।”
গত ৮ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “ব্যবসা কখনও সফল হয় না যদি তার সাথে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবস্থাপনা না থাকে। মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দিয়ে বিভাগটি চলছে এবং দেশি-বিদেশি বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিভাগের কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে, যা প্রশংসার দাবিদার।”
ওই অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।
