অধ্যাপক আনিসুজ্জামান আমাদের রোল মডেল: গওহর রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সাবেক অধ্যাপক আনিসুজ্জামান বাঙালির ‘রোল মডেল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আনিসুজ্জামানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্মজীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাতিঘর’র প্রিমিয়ার শো দেখে এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই প্রিমিয়ার শো’র আয়োজন করে। সেখানে আলোচনায় গওহর রিজভী ছাড়াও ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার আদর্শ সোয়াইকা, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু, অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান অংশ নেন।
গওহর রিজভী বলেন, “মূল্যবোধ, আদর্শ ও চিরকালীন বাঙালিয়ানার বিশ্বাসে অধ্যাপক আনিসুজ্জামান অটল থেকেছেন আজীবন।বাঙালির ক্রান্তিকালে শাসকের নানা বাধা-নিষেধের কাছে মাথা না নুইয়ে তিনি চিরকাল শির উঁচু করে রেখেছেন। আমরা যে আজীবন তার বিশাল জ্ঞানভাণ্ডার থেকে সমৃদ্ধ হয়েছি। চলমান সময়ে তিনি বাঙালির বাতিঘর, আমাদের সবার রোল মডেল।”
‘বাতিঘর’ তথ্যচিত্রটি নির্মাণ করেছেন মাসুদ করিম।
তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের ভিত্তি পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামানের কথা উঠে এসেছে এই তথ্যচিত্রে। পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন মাধ্যমের ব্যক্তিত্বরা অধ্যাপক আনিসুজ্জামানকে নানা আঙ্গিকে মূল্যায়ন করেছেন এখানে।
গত ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের ৮০তম জন্মদিনে ঢাকায় ‘বাতিঘর’ এর প্রথম প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল।তখন অসুস্থ থাকায় আনিসুজ্জামান সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
