জগন্নাথ ছাত্রদের ‘ফেলে দেওয়ার’ পর বাস ভাংচুর
কয়েক ছাত্রকে উঠতে না দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ক্যাম্পাসের কাছে একটি বাস ভাংচুর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে ৭/৮ জন শিক্ষার্থী সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের বাসটি ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গুলিস্তান থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে আসার জন্য সুপ্রভাত পরিবহনের বাসে ওঠতে চাইলে বাসের কন্ডাক্টর ও হেলপার তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
ছাত্রদের উঠতে না দেওয়ার কারণ জানতে চাইলে বাসটির চালক রনি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এটা সিটিং গাড়ি। সিটের বেশি লোক নিলে যাত্রীরা চেঁচামেচি করে।”
এছাড়া ছাত্ররা বাসে চড়ে পুরো ভাড়া দেন না বলেও অভিযোগ করেন এই বাসচালক। তিনি বলেন, “ভাড়া চাইলে তারা খুব খারাপ আচরণ করে।”
সিটিং সার্ভিস নামে সদরঘাট রুটে চলাচলকারী আরও কয়েকটি পরিবহনের কন্ডাক্টর ও হেলপারদের বিরুদ্ধে বাজে আচরণ করার উল্টো অভিযোগ শিক্ষার্থীদেরও রয়েছে।
ভাংচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবর পেয়ে সাথে সাথেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন সেখানে কাউকে পাইনি। পরে বাস মালিকদের নেতাদের সাথে কথা বলেছি। আমরা প্রশাসনিকভাবে বিষয়টা দেখব।”
