নৌমন্ত্রীর মাফ পেলেন স্বাক্ষর জালিয়াত
নৌমন্ত্রী শাজাহান খানের সই জাল করে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করার পর ধরা পড়েছিলেন বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের আবদুল মোতালেব।
ধরা পড়ার পর মামলা হয় তার বিরুদ্ধে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি ওঠেও।
কিন্তু মোতালেবের অপরাধ শাজাহান খান ক্ষমা করে দিয়েছেন বলে আদালতকে জানিয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান আসামি মোতালেবকে (৭০) খালাস দিয়ে দেন।
মামলার বাদী নৌমন্ত্রী শাজাহান খানের দপ্তরের কার্যালয় সহায়ক মো. শহিদুল ইসলাম মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে এসে বলেন, মন্ত্রী নিজে এ মামলা তুলে নিতে তাকে নির্দেশ দিয়েছেন।
“আমাদের ভুল হয়েছে। এ ব্যক্তি নিজের নামই স্বাক্ষর করতে পারেন না। এ কীভাবে মন্ত্রীর স্বাক্ষর জাল করবে? অন্য কেউ তাকে এ স্বাক্ষর বানিয়ে দিয়েছে।”
শাজাহান খান
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর দুপুরে মোতালেব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে বলেন যে তিনি একাত্তরে হেমায়েত বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এর সপক্ষে নৌমন্ত্রী শাজাহান খানের প্রত্যয়নপত্রও জমা দেন তিনি।
তখন সন্দেহ হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা টেলিফোনে নৌপরিহন মন্ত্রীর দপ্তরকে জানান। এরপর তারা নিশ্চিত হন যে স্বাক্ষরটি শাজাহান খানের নয়।
জাল স্বাক্ষরে প্রত্যয়নপত্র তৈরির অভিযোগে শাহবাগ থানায় মোতালেবের বিরুদ্ধে মামলা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মোতালেবকে গ্রেপ্তারও করে পুলিশ।
তিন মাস আগে আদালতে অভিযোগপত্র দেন শাহবাগ থানার এসআই ভজন বিশ্বাস। তিনি আদালতকে বলেন, বাগেরহাটের চিতলমারীর নানুয়াবাজারের অহিদুর রহমান মোল্লা এই প্রত্যয়নপত্রটি দিয়েছে মোতালেবকে। কিন্তু অহিদুরের ঠিকানা জানা যায়নি।
মোতালেবের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসল ঘটনা হল, এলাকার নেতারা এ কাজ করে মোতালেবের কাছ থেকে টাকা-পয়সাও হাতিয়ে নিয়েছে। এটা মোতালেবই আমাকে বলেছেন।”
