২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিট ফেস্টে কবি সাহিত্যিকদের মিলনমেলা

বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার কবি-সাহিত্যিক-লেখকদের নিয়ে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 10:02 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন সিরিয়ার কবি আলী আহমদ সাঈদ আসবার, যিনি সাহিত্য অঙ্গনে কবি অ্যাডোনিস নামে পরিচিত।

‘লিট ফেস্টে’ বিদেশি অতিথিদের মধ্যে এবার অংশ নিচ্ছেন নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, যুক্তরাষ্ট্রের সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, স্কটিশ লেখক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড, অভিনেত্রী-নির্মাতা টিল্ডা সুইন্টন প্রমুখ।

বাংলাদেশ থেকে কথাসাহিত্যিক  সেলিনা হোসেন, কবি আসাদ চৌধুরী, হেলাল হাফিজ, মঈনুল আহসান সাবের,  সৈয়দ মনজুরুল ইসলাম, আনোয়ারা সৈয়দ হক,  সলিমুল্লাহ খান, কায়সার হক,  আলী যাকের, শামসুজ্জামান খান, আনিসুল হক, খাদেমুল ইসলামসহ দেড় শতাধিক কবি-সাহিত্যিক ও সাহিত্য সমালোচক এই আয়োজনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতি থেকে শনিবার- তিনদিনে ৯০টির বেশি অধিবেশনে বিশ্বের সমসাময়িক বিষয়াদির পাশাপাশি সাহিত্য,  প্রকাশনা,  অনুবাদ সাহিত্যের হালহকিকত, সাহিত্যে নারী ও শিশুর ভূমিকা নিয়ে আলোচনা করবেন তারা।

উদ্বোধনী আসরের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি  লিখিত বার্তা পাঠান,  সেটি পড়ে শোনান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

আসাদুজ্জামান নূর বলেন, “সাহিত্যের অন্যতম এই আসরে পৃথিবীর নানা প্রান্তের সাহিত্যিক, লেখকরা আসছেন। তাদের এই মিলনমেলায় বিশ্ব সাহিত্যের নানা দিক নিয়ে যেমন আলোচনা হবে, তেমনিভাবে আমাদের বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে আরও বেশি করে জানাতে পারব।”

উদ্বোধনী আয়োজনের পরে বেলা ১২টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উন্মোচন করা হয় গ্রাফিক নভেল ‘মুজিব’র ইংরেজি সংস্করণ। কবি আলী আহমদ সাঈদ আসবার এর মোড়ক উন্মোচন করেন। বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিকও এসময় উপস্থিত ছিলেন।

তারপর ‘অ্যাডোনিস’ শিরোনামে এক অধিবেশনে কবি আলী আহমদ সাঈদ আসবার শোনান তার কবি অ্যাডোনিস হয়ে উঠার গল্প। বামপন্থি রাজনীতিতে জড়িয়ে পড়া এবং আরব দেশগুলোর রাজনীতি নিয়েও তিনি কথা বলেন।

পরে ‘মুজিব: টকিং টু দ্য নেক্সট জেনারেশন’ শিরোনামের অধিবেশনে গ্রাফিক নভেল ‘মুজিব’ র ইংরেজি সংস্করণের নানা দিক নিয়ে আলোচনা করেন রাদওয়ান মুজিব সিদ্দিক।

এদিন ‘দ্য শর্ট অব ইট’, ‘এ লাইফ ইন লেটারস’, ‘বিউটিফুল এনিমেলস’, ‘বাংলার নারী, দুর্জয় ঘাটি’, ‘স্টেজিং স্টোরিজ’, ‘ফেক নিউজ’, ‘ওয়ার্ড অব কনসিয়েন্স: পয়েট্রি অ্যান্ড অ্যাক্টিভিজম’, ‘দ্য বাঙ্গালিস; এ রেস ডিভাইডেড ‘, ‘গল্পকার-সীমানা যখন কেন্দ্র’, ‘কবিতা-কিশোর মান্নান ও আবৃত্তি’, ‘সাহিত্যের স্বদেশ-বিদেশ’, ‘আমেরিকা:  এশিয়াস সেটিং সান’, ‘বাঙালি মুসলমানের মন’সহ নানা বিষয়ে আলোচনা হয়।

‘স্টেজিং স্টোরিজ’-এ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মঞ্চনাটকের অভিনয়শৈলৗ ও পেশাদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরে বিকাল সাড়ে ৫টায় দেওয়া হয় জেমকন সাহিত্য পুরস্কার। এ বছর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি মোহাম্মদ রফিক। তার সঙ্গে তিন তরুণ কবি ও কথাসাহিত্যিক আশরাফ জুয়েল, মামুন অর রশীদ ও নুসরাত তুসিনকে দেওয়া হয়েছে এ পুরস্কার।

‘দুটি গাথাকাব্য’ কাব্যগ্রন্থের মোহাম্মদ রফিককে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে আট লাখ টাকার চেক। ‘রাষ্ট্র ধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’র জন্য ৫০ হাজার টাকার চেক পেয়েছেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য’ পুরস্কারপ্রাপ্ত আশরাফ জুয়েল। আর ‘জেমকন তরুণ কথাসাহিত্য’ পুরস্কারপ্রাপ্ত মামুন অর রশীদ তার ‘ঊননয়নে অন্ধকারমুখ’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন ১ লাখ টাকার চেক। ‘জেমকন তরুণ কবিতা পুরস্কার’ প্রাপ্ত নুসরাত তুসিনকে তার ‘দীর্ঘস্বরের অনুপ্রাস’ কাব্যগ্রন্থের জন্য দেওয়া হয়েছে এক লাখ টাকার চেক।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, “জুরি বোর্ডের সদস্যদের মতামত নিয়ে প্রথমবারের মতো তরুণ শাখায় কবিতায় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই পুরস্কার আগামী দিনেও প্রচলন থাকবে।”

এই পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন, কথাশিল্পী সেলিনা হোসেন, কবি-গবেষক তপোধীর ভট্টাচার্য, কথশিল্পী কিন্নর রায় ও মইনুল আহসান সাবের।