বার কাউন্সিলের সচিব বদল
সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদলের পর বাংলাদেশ বার কাউন্সিলে সচিবকেও সরিয়েছে সরকার।
ওই দায়িত্ব চালিয়ের আসা মোহাম্মদ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই রদবদল করা হয়েছে জানিয়ে বুধবার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
তুমুল আলোচনার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর অস্থায়ী প্রধান বিচারপতি হন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক আব্দুল ওয়াহহাব মিঞা। এরপর তিনি বিচার প্রশাসনে রদবদলের উদ্যোগ নেন।
গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রধান বিচারপতির একান্ত সচিব, অতিরিক্ত রেজিস্ট্রার, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার ও অতিরিক্ত রেজিস্ট্রারসহ সুপ্রিম কোর্টে দায়িত্বপালনরত ১০ জনকে নতুন কর্মস্থলে পাঠানো হয়। আর এবার বার কাউন্সিলে সচিব পদে পরিবর্তন আনা হল।
