ব্লগার নিলয় হত্যা: প্রতিবেদন পিছিয়ে ১৪ ডিসেম্বর
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা ফের পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিবুল হক বুধবার নতুন এই দিন ধার্য করেন।
ধার্য দিনে মামলাটি তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তা প্রতিবেদন দিতে না পারায় সময় বাড়ানো হয় বলে জানান এ আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এর আগে তদন্ত প্রতিবেদন দাখিলে ১২ বার সময় বাড়িয়েছে আদালত।
২০১৫ সালের ৭ অগাস্ট দুপুরে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে ১৬৭ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাটে ঢুকে নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রী ও বোনকে নিয়ে ওই বাসায় থাকতেন গণজাগরণ মঞ্চের এই সক্রিয় কর্মী।
ঘটনার দিন রাতে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।
পরে বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে কামাল হোসেন ও খায়রুল ইসলাম কারাগারে রয়েছেন।
মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, সাদ আল নাহিদ, মাসুম রানা, তরিকুল ইসলাম এবং কাওছার সরদার হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বলে জানান এসআই আশরাফ।
খায়রুল ইসলাম ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় এর আগে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন।
বুধবার শুনানিতে জামিনে থাকা আসামিদের মধ্যে তারিকুল ও মতুর্জা ফয়সাল ছাড়া বাকিরা আদালতে হাজিরা দেন। তারিকুল ও মতুর্জার পক্ষে সময় চান তাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিকী।
