ফের মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজির দায়িত্বে অধ্যাপক জীনাত
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলীকে আবারও একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই অধ্যাপককে মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক জীনাত আগামী দুই বছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় আগের চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
২০১১ সালের ১১ এপ্রিল দুই বছরের চুক্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ পান অধ্যাপক জীনাত।
২০১৩ সালের ২২ এপ্রিল, ২০১৪ সালের ২৬ মে এবং ২০১৫ সালের ১০ জুন তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
