নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশ অত্যন্ত আন্তরিক: আইজিপি
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ‘অত্যন্ত আন্তরিক’ বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি থানাকে পর্যায়ক্রমে নারী ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা ইতোমধ্যে অনেকাংশে বেড়েছে।”
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি একথা বলেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) এ এফ এম মাসুম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এম এ সেপ্পো এবং বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি লোরি কাটো। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান।
পুলিশ প্রধান বলেন, “পুলিশ বা অন্য কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও সমন্বয়।”
