২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু বসতিতে হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে শাহবাগে সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 01:03 AM

Updated : 19 Aug 2022, 05:57 PM

‘প্রতিশীল গণসংগঠন’ ব্যানারে রোববার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়।

হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা নতুন কিছু নয়। এই দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, আমরা বিচারের জন্য দাঁড়াচ্ছি কিন্তু কোনো বিচার হচ্ছে না।

“সরকারের পরিবর্তন হয় কিন্তু সাম্প্রদায়িক নিপীড়নের কোনো পরিবর্তন হয় না। এটা একটি স্বাধীন দেশের জন্য অশুভ সংকেত ।আমরা চাই সরকার এদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, “পাঠ্যপুস্তকে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মননে সাম্প্রদায়িকতার বীজ বুনে দেওয়া হয়েছে। আর মানুষের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার কারণেই এ ধরনের ঘটনা ঘটে চলেছে।

“এই দেশে শাসক গোষ্ঠী তাদের ভোটের প্রয়োজনে কখনও অসাম্প্রদায়িকতার ভান ধরে আবার কখনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে। আজকে সময় এসেছে প্রতিরোধ করার যাতে আর কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে ব্যবহার করতে না পারে, মানুষের ঘর পোড়াতে না পারে।”

গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত বলেন, “ভোটের রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ভোট নিশ্চিত করতেই এ ধরনের হামলা ঘটেছে। একটা রাষ্ট্রের যখন ধর্মবোধ প্রকট আকার ধারণ করে তখনই এ ধরনের ঘটনা অহরহ ঘটে। রংপুরের এই ঘটনায় আমরা শঙ্কিত ও লজ্জিত।”