তিতাসের সাবেক জিএমের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. মনজুরুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মনজুরুল হকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে প্রণব বলেন, “তিনি ৮০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছে এবং দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণিতে ৬০ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন রেখেছেন, যা তদন্তে দুদক প্রমাণ পেয়েছে।
ওই অভিযোগে মনজুরুল হকের বিরুদ্ধে ২০০৭ সালের ৪ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এরপর দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মামলাটি তদন্ত করেন।
অভিযোগে আরও বলা হয়, মনজুরুল হক তিতাসের জিএম থাকাকালীন অবৈধ সম্পদের মালিক হন। এরপর গত বছরের শেষের দিকে দুদক অনুসন্ধানে নামে।
