অনলাইনে শিশুদের নিরাপত্তা বিধানের আহ্বান
ইন্টারনেটের সুবিধা ব্যবহারের জন্য অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে ‘চাইল্ড অনলাইন সেফটি’ সচেতনতামূলক এক অনুষ্ঠানে।
রোববার স্যার জন উইলসন স্কুলে আয়োজিত গ্রামীণফোন এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের সহায়তায় এ বছরের সেপ্টেম্বর মাসে এ কর্মসূচি শুরু করে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা এ প্রতিষ্ঠানটি। এ কর্মসূচির মাধ্যমে দেশের আড়াইশ’র বেশি স্কুলের ৫০ হাজারের বেশি শিক্ষার্থীকে নিরাপদ ইন্টারনেট নিয়ে সচেতন করেছে গ্রামীণফোন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘বিশ্বের ডিজিটাল বিপ্লবের সময়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকা এবং তরুণদের আত্মবিশ্বাসের সাথে ইন্টারনেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“তাই ইন্টারনেটে নিরাপদে থাকার দক্ষতা সম্পর্কে জানাতে এবং কীভাবে দায়িত্বশীলতার সাথে ইন্টারনেট ব্যবহার করতে হয় এটা জানাতে আমরা দেশজুড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শাহেদ বলেন, “একটি স্কুল হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং পথ নির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব এং শুধু আলোচনার মাধ্যমেই তা সম্ভব হতে পারে। আমাদের শিক্ষার্থীরা যেন বিপদ সম্পর্কে আরো সচেতন থেকে এবং দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করতে পারে সেই উদ্যোগ নেয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ।”
গ্রামীণফোন জানায়, নিরাপদ ইন্টারনেট কর্মসূচি প্রধানত সচেতনতা বৃদ্ধিতে এমনভাবে সাজানো হয়েছে যে এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতে পারবে কিভাবে ইন্টারনেটে নিরাপদে বিচরণ করতে হয়।
এ বছরের কর্মসূচির আগে গ্রামীণফোন নিরাপদ ইন্টারনেট কর্মসূচি নিয়ে দেশের ৫শ’টি বিদ্যালয়ের ৮০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে এবং বিদ্যালয়ে বিভিন্ন প্রচারণার আয়োজন করার মাধ্যমে নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের গাইডবই বিতরণ করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং হেড অব সাসটেইনেবিলিটি রাসনা হাসান।
