‘বিচার না হওয়ায় বার বার হিন্দুদের উপর হামলা’
ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দু বসতিতে হামলার নিন্দা জানিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়ায় এর পুনরাবৃত্তি ঘটছে।
অবিলম্বে রংপুরে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।
শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যাপক অজয় রায়, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক অনুপম সেন, কথাশিল্পী হাসান আজিজুল হক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপিকা মাহফুজা খানম, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
“অতীতে এ ধরনের হামলার সময় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও এই সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পিত সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।”
হামলাকারীদের বিচার ও শাস্তি না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় অধ্যুষিত জনপদে এরকম আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন বিবৃতিদাতারা।
বিবৃতিতে বলা হয়, “অভিযুক্ত টিটু রায় আদৌ ফেইসবুকে ধর্ম অবমাননাকর কিছু পোস্ট করেছে কি না, এ অভিযোগের তদন্ত হওয়ার আগেই এলাকায় সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করা হয়েছে। এর প্রধান উদ্দশ্যে হচ্ছে- বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে বিব্রত করা এবং বাংলাদেশকে মোল্লা উমরের আফগানিস্তান আর জিয়াউল হকের পাকিস্তানের মতো সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।”
