বীরপ্রতীক হাবিবুলকে র্যাবের জিজ্ঞাসাবাদ
একটি প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগের সন্দেহে বীরপ্রতীক হাবিবুল আলমকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার বাংলামোটরে নিজের ব্যবসায়িক কার্যালয় থেকে তুলে উত্তরার র্যাব কার্যালয়ে নেওয়ার পর রাতে এই মুক্তিযোদ্ধাকে ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবুল প্রতারণার শিকার হয়েছিলেন বলে তার সঙ্গে কথা বলে জেনেছেন তারা।
হাবিবুল আলম একাত্তরে ঢাকায় অভিযান পরিচালনাকারী গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তিনি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) এর ব্যবস্থাপনা পরিচালক।
বীরপ্রতীক হাবিবুল আলমের ছবিটি সাপ্তাহিকের সৌজন্যে
হাবিবুলের বোন অধ্যাপক শাহিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা দেড়টার দিকে কয়েকজন র্যাব সদস্য গিয়ে তাকে অফিস থেকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় আমাদের লোকজনকে তাদের গাড়ি অনুসরণ করতে বলে।”
হাবিবুলকে বহনকারী গাড়িটি উত্তরায় র্যাব-১ কার্যালয়ে ঢোকে বলে বলে শাহিন জানান।
তখন যোগাযোগ করা হলে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাই হাবিবুলকে নিয়ে এসেছেন।
তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অফ্রিকার একটি প্রতারক চক্রকে নিয়ে র্যাব তদন্ত করছে। এই প্রতারক চক্র বিভিন্নভাবে টাকা হাতিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়।
“কোনো না কোনোভাবে এই চক্রের সঙ্গে যোগাযোগ হয়েছে হাবিবুল আলমের। তিনি নিজেও প্রতারণার শিকার হতে পারেন। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নেওয়া হয়েছে।”
রাত সাড়ে ৮টার দিকে হাবিবুলকে ছেড়ে দেওয়ার পর র্যাব কর্মকর্তা সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। তদন্ত করতে গিয়ে দেখা যায় ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যে নম্বরে প্রতারক চক্রের কথা হয়েছে, সেই নম্বরের সাথে হাবিবুল আলমেরও কথা হয়েছে। সে কারণে তাকে নেওয়া হয়েছিল।
“তবে তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি বিস্তারিত জানার পর তাকে ছেড়ে দেওয়া হয়।”
তদন্তের প্রয়োজনে হাবিবুলের কাছ থেকে আরও সহযোগিতা নেওয়া হবে বলে র্যাব-১ এর অধিনায়ক জানান।
