২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক নিয়ে ফের উষ্মা আদালতের

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি মামলার এক আসামির জামিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের কাজের গতি নিয়ে ফের উষ্মা জানিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:45 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

১৮০ দিনের মধ্যে যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা, তা দুই বছরেও না হওয়ার তথ্য জেনে আদালত প্রশ্ন করেছে, তাহলে দুর্নীতি দমন কমিশন বসে বসে কী করেছে?

সেলিম নামের এক আসামির জামিন শুনানিকালে বুধবার এই প্রশ্ন করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ। 

আদালতে আসামি সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, “আজকের মামলার আসামি বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে ঋণ পর্যালোচনা কমিটির একজন সদস্য ছিলেন। এসব কমিটিতে ১৫-১৬ জন করে সদস্য থাকে। কোনো ঋণ প্রস্তাবই তারা করেনি। প্রত্যেকটি ঋণ প্রস্তাবে তারা নেতিবাচক পর্যালোচনা দিয়েছেন।

“তা সত্ত্বেও প্রত্যেকটি কমিটি থেকে একজন বা দুজন সদস্যকে সম্পূর্ণ অন্যায়ভাবে দেড়-দুই বছর ধরে জেলে আটকে আছে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই মন্তব্য করেছেন।”

এই ঘটনায় `আসল হোতারা’ আড়ালে রয়েছে এবং তাদের বিষয়ে দুদকের কোনো উৎসাহ নেই বলে দাবি করেন আসামি পক্ষের এই আইনজীবী।

“যেহেতু দুই বছর হয়ে গেছে, এতদিন ধরে যখন বড় বড় রুই-কাতলাদের কারও বিরুদ্ধে মামলা করা হয়নি, সে জন্য আদালতের একটি মন্তব্য ছিল এরকম যে, হয় এতে দুদকের অদক্ষতা আছে, নয় পক্ষপাতিত্ব আছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অসুবিধার কথা আদালতের কাছে বলেছি। কিন্তু আদালত দুর্নীতি দমন কমিশনের প্রতি খুবই অসন্তুষ্ট। কারণ দুর্নীতি দমন কমিশনের বিধিতে আছে ৬০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে। যেটা সর্বশেষ সংশোধন করে করা হয়েছে ১৮০ দিনের মধ্যে। সেখানে দুই বছর অতিক্রম হয়েছে। আদালতের প্রশ্ন ছিল তাহলে দুদক বসে বসে কী করেছে?”

আদালতের পর্যবেক্ষণ দুদক ‘খুবই গুরুত্ব সহকারে’ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এসব পর্যবেক্ষণের আলোকেই বাকি কাজ সম্পাদন করা হবে।

“আদালত বলেছে দুদকের স্বচ্ছতার অভাব, দক্ষতার অভাব। আমরা সেটা মেনেই নিচ্ছি। দক্ষতা অবশ্যই আমরা বাড়াব। স্বচ্ছতা আছে, স্বচ্ছতা আরও বাড়ানোর চেষ্টা করব।”

এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, “বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু কোথায়? সেটা আপনাদের যেমন প্রশ্ন, আদালতেরও প্রশ্ন, সাধারণ মানুষেরও প্রশ্ন।

“দুদক তলিয়ে দেখছে এবং বোর্ডের মেম্বারদের নোটিস দিচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করি, অচিরেই দুদক ৪৮টি মামলার চার্জশিট দিতে পারবে।”

বাচ্চুকে মামলায় অন্তর্ভুক্ত করতে দুদকের বাধা কোথায়- এই প্রশ্নে খুরশীদ আলম বলেন, “দুদকের কোনো বাধা নেই। দুদক তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা করে। আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে যদি ক্রেডিবল এভিডেন্স পাই, তাহলে আব্দুল হাই বাচ্চু হোক আর যেই হোক অবশ্যই তিনি মামলার আসামি হবেন। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না।”

পুরনো খবর:

দুদকে কচ্ছপ গতি, মন্তব্য আদালতের