২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-ছেলে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি জনির

ঢাকার কাকরাইলে মা ও ছেলেকে হত্যার মূল আসামি আল আমিন জনি নিজের দায় স্বীকার করে আদালতে  জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:12 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলার মধ্যে বুধবার জনিকে ঢাকার আদালতে নিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন।

এরপর ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তার খাসকামরায় এই আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জনি নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন নাহার মুক্তার ভাই।

গত ১ নভেম্বর প্রথম স্ত্রী এবং ছেলে শাওন হত্যাকাণ্ডের পর ব্যবসায়ী করিমকেও গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গ্রেপ্তার করা হয় মুক্তাকে। এরপর ৩ নভেম্বর গোপালগঞ্জে ধরা পড়েন জনি।

নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে যে মামলা করেছেন, তাতে করিম, মুক্তা, জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

শামসুন্নাহারের ভাই আশরাফ আলীর করা মামলায় অভিযোগ করা হয়েছে, করিম ও মুক্তার পরিকল্পনায় জনিই কয়েকজনকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।

তবে গ্রেপ্তারের পর জনি র‌্যাবকে বলেছেন, তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

পারিবারিক দ্বন্দ্বে বোনের যন্ত্রণা দেখে তার সতীন ও তার ছেলেকে হত্যা করেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন জনি।

করিমের সম্পত্তির অধিকাংশই প্রথম স্ত্রী শামসুন্নাহারের নামে, যা নিয়ে অসন্তোষ ছিল মুক্তার।

এই নিয়ে কলহ থেকে সম্প্রতি করিম মুক্তাকে তালাক দেওয়ার হুমকি দিয়েছিলেন জানিয়ে জনি বলছেন, তখন মুক্তা আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনাই বোনের সতীনকে হত্যায় প্ররোচিত করেছিল তাকে।

পুরনো খবর:

মা-ছেলে হত্যা: গ্রেপ্তার জনি রিমান্ডে
কাকরাইলের মা-ছেলে খুনের প্রধান আসামি জনি গ্রেপ্তার