বাবা-মেয়ে হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ‘প্রেমিক’ শাহীন
রাজধানীর বাড্ডায় জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহান হত্যাকাণ্ডে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শাহীন মল্লিক।
জামিলের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক থেকে এই হত্যাকাণ্ড বলে এর আগে প্রকাশ্য আদালতে স্বীকার করেছিলেন শাহীন, যিনি স্ত্রী নিয়ে জামিলের ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
বুধবার ঢাকার মহানগর হামিক সত্যব্রত সিকদারের খাসকামরায় ওই হত্যাকাণ্ডের সবিস্তার বর্ণনা দিয়ে শাহীন দায় স্বীকার করেন বলে এ আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মো. হানিফ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ভোরে উত্তর বাড্ডার ময়নারবাগের একটি বাসা থেকে জামিল (৩৮) ও তার নয় বছরের মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করা হয়। ওই সকালেই জামিলের স্ত্রী আরজিনা বেগমকে আটক করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে খুলনার দাকোপ থেকে শাহীন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার শাহীন ও আরজিনাকে আদালতে হাজির করা হলে একজন মহানগর হাকিমের কাছে স্বামী ও সন্তান হত্যার ঘটনায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন আরজিনা।
সেদিন রিমান্ড শুনানির সময় প্রকাশ্য আদালতে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন শাহীন।
তিনি বলেছিলেন, “আরজিনা ও আমি পাশাপাশি থাকার কারণে দুজনের সম্মতিতে আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে আরজিনা আমাকে প্রস্তাব দেয়। একপর্যায়ে আরজিনা বাসা থেকে তার বাবার বাড়ি চলে যায়। দুই মাস পর সে আবার জামিলের সংসারে ফিরে আসে।
“আরজিনার পরিবার আমার আর আরজিনার সম্পর্কটা মেনে নিতে পারেনি। এ কারণে আরজিনা আমাকে বলে, সংসার করতে চাইলে আগে জামিলকে খুন করতে হবে।
“সে অনুযায়ী আমি এক বান্ধবীকে দিয়ে একটি ফার্মেসি থেকে ঘুমের ওষুধ আরজিনাকে এনে দিই। আরজিনা সেই ওষুধ করলার সাথে মিশিয়ে জামিলকে খাওয়ায়। জামিল ঘুমিয়ে পড়লে আমি তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করি। জামিলকে মারার দৃশ্য নুসরাত দেখে ফেলায় তাকে বালিশচাপা দিয়ে মেরে ফেলি।”
ওই দিন পুলিশের আবেদনে সাড়া দিয়ে শাহীনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন বিচারক। রিমান্ড চলাকালে বুধবার শাহীন স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. শাখাওয়াত হোসেন।
জবানবন্দি দেওয়ার পর শাহীনকে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালাবনি-ছুতারখালি গ্রামে।
গোপালগঞ্জের বনগ্রামের জামিল গত ১৮ বছর ধরে বাড্ডা এলাকায় থাকেন। গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি।
সাত হাজার টাকায় তিন মাস আগে বাড্ডার ময়নারবাগ কবরস্থানের পাশে ‘পাঠানবাড়ি’র এই বাসাটি ভাড়া নেন তিনি। কিন্তু ভাড়া বেশি হওয়ায় তিন হাজার টাকায় একটি কক্ষ পূর্বপরিচিত শাহিনকে সাবলেট দেন।
এই বাসায় আসার আগে একই এলাকার যে বাসায় জামিল স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন, সেই ভবনেরই অপর একটি ফ্ল্যাটে থাকতেন শাহিন। সেখান থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে আরজিনা জানিয়েছেন।
