তরুণদের বিষয়গুলো প্রাধান্য পাবে সিপিএ সম্মেলনে
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের এবারের সম্মেলনে (সিপিএ) তরুণ সমাজের বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে বলে সংস্থাটির মহাসচিব আকবর খান জানিয়েছেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিপিএভুক্ত ৫২টি দেশের ২৪০ কোটি জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ।
“এই জনগোষ্ঠীর নানাবিধ সমস্যা (লিঙ্গ বৈষম্য, মানবাধিকার ও মূল্যবোধ) ঢাকায় অনুষ্ঠেয় ৬৩তম সম্মেলনে প্রাধান্য পাবে। পরবর্তী প্রজন্মকে গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য।”
বুধবার সম্মেলনের কার্যক্রম শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৫ নভেম্বর। ওই দিন সকালে সিপিএর ভাইস প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের দক্ষিণ প্লাজায় সম্মেলনের উদ্বোধন করবেন।
এর আগে ২ থেকে ৪ নভেম্বর হোটেল র্যাডিসনে সিপিএর বিভিন্ন অঞ্চল, কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানসসহ বিভিন্ন কমিটির বৈঠক বসবে।
এই সম্মেলনেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পার্লামন্টোরি ফোরামের নতুন চেয়ারপারসন নির্বাচন করা হবে। বর্তমানে এর দায়িত্বে আছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সিপিএ মহাসচিব বলেন, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে তরুণ-তরণীদের কথা শুনতে হবে। কারণ তারাই আগামীর নেতা এবং পরবর্তী নেতৃত্ব তারাই দেবেন।
“তাই সম্মান, মূল্যবোধ, আইনের শাসন, লিঙ্গ-সমতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তরুণদের সম্পৃক্ততা এবং মানবাধিকারসহ অন্যান্য মূল্যবোধগুলো সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে হবে।”
এছাড়া ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, এই বিষয়গুলোও সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানান আকবর খান।
