২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল কৃষি সেবায় নতুন বাতায়ন

কৃষকদের ডিজিটালি বিভিন্ন ধরনের কৃষি সেবা দেওয়ার পাশাপাশি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মধ্যে পেশাগত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ে পরীক্ষামূলকভাবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 04:38 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের ১৪টি অঞ্চলে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই বাতায়ন কার্যক্রম উদ্বোধন করেন; যার ঠিকানা krishi.gov.bd

মানিকগঞ্জের দৌলতপুর, শেরপুরের নকলা, চাঁদপুর সদর, সিলেটের বালাগঞ্জ, কক্সবাজারের পেকুয়া, রাঙ্গামাটির বাঘাইছড়ি, রাজশাহীর দুর্গাপুর, সিরাজগঞ্জের কামারখন্দ, রংপুরের পীরগঞ্জ, পঞ্চগড়ের বোদা, কুষ্টিয়ার মিরপুর, খুলনার রূপসা, পিরোজপুরের নাজিরপুর এবং রাজবাড়ীর পাংশায় পরীক্ষামূলকভাবে কৃষি সম্প্রসারণ বাতায়ন চালু করা হয়েছে।

এ কার্যক্রমের উদ্বোধন করে মতিয়া চৌধুরী বলেন, “কৃষি সম্প্রসারণ বাতায়নের মাধ্যমে অল্প দিনের মধ্যেই দেশের সব ইউনিয়ন পর্যায়ের কৃষকরা এই সেবা পাবেন।

“এখন টেলিভিশনে আপনারা কৃষি সংবাদ শোনেন। ফোন করতে পারেন, কল সেন্টার আছে। তবে বাতায়নে চাক্ষুষ দেখে বিশ্বাস করার সুযোগটি অচিরেই আপনাদের হাতে চলে আসবে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ বাতায়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, কৃষকদের সহায়তা দিতে কৃষিকে কেন্দ্র করে কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, বালাইনাশকসহ ১০টি উদ্যোগ রয়েছে। সবগুলোকে একটি বাস্কেটের মধ্যে আনতেই এই উদ্যোগ।

পরীক্ষামূলক এই কার্যক্রমে সফলতা মিললে আগামী ডিসেম্বরে সারা দেশে এটি বিস্তৃতের আশা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

কৃষকের দরকারি সব তথ্য এই বাতায়নে পাওয়া যাবে জানিয়ে কবির বলেন, “এটি হবে ইন্টারঅ্যাকটিভ। কৃষি ক্ষেত্রের যেসব কর্মকর্তা ও বিজ্ঞানী আছেন- তাদের অভিজ্ঞতা বিনিময়ে এখানে নেটওয়ার্কের ব্যবস্থা রাখা হয়েছে।

“কৃষকের দোরগোরায় সেবা পৌঁছে দিতে এখানে ফোন সেবা সেটাও থাকছে। কৃষক সরাসরি ফোন করে সেবা নিতে পারবেন।”

কুষ্টিয়ায় অবস্থান করা কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন ভিডিও কনফারেন্সে যুক্ত করে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন।

তিনি বলেন, “এই বাতায়নের মাধ্যমে সারা দেশের কৃষকরা তথ্য আদান-প্রদানে এগিয়ে যাবে। কৃষক, কৃষি কর্মকর্তা, কৃষি মন্ত্রণালয় অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত সবার মধ্যে যে একটা যোগাযোগ স্থাপিত হবে, সেটা অনেক গর্বের বিষয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ উপস্থিত ছিলেন।